- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২০, ২০২৪
হাওড়ায় বেআইনি নির্মানে প্রোমোটারের ১ কোটি জরিমানা, আবাসন ভেঙে ফেলার নির্দেশ
দুদিন আগেই নির্মীয়মান পাঁচতলা আবাসন ভেঙে ১০ প্রাণ হারিয়েছেন। বেশ কয়েকজন আহত। যে ঘটনা নাড়া দিয়ে গেছে সকলকে। গার্ডেনরিচ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই ব্যাপারে কড়া আদালত। বেআইনি নির্মাণের বিষয়ে কঠোর পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি অমৃতা সিনহা এক বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় কোটি টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।
হাওড়ার কালীপ্রসাদ চক্রবর্তী লেনে অনুমোদন ছাড়াই একটা পাঁচতলা আবাসন তৈরি হয়েছিল। এই আবাসনের নির্মাণ যখন শুরু হয়, তখনই আদালতে মামলা হয়। মামলা চলাকালীন প্রোমোটর পুরো আবাসন তৈরি করে ফেলেন। একেকটা ফ্ল্যাট ৩০–৪০ লক্ষ টাকায় বিক্রি করে দেন।
বুধবার এই বেআইনি নির্মাণ মামলার শুনানি ছিল। বিচারপতি অমৃতা সিনহা বেআইনি নির্মাণের জন্য প্রোমোটারকে ১ কোটি টাকা জরিমানার নির্দেশ দিয়েছন। পাশাপাশি আরও নির্দেশ দিয়েছেন, আগামী তিনমাসের মধ্যে বাসিন্দাদের আবাসন খালি করে দিতে হবে এবং আবাসনটি ভেঙে ফেলতে হবে। আগামী ২ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এর মধ্যে প্রোমোটারকে জরিমানার অর্থ আদালতে জমা দিতে হবে। না হলে তাঁকে আরও বড় বিপদে পড়তে হবে বলেও জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা গার্ডেনরিচে আবাসন ভেঙে পড়ার প্রসঙ্গ উত্থাপন করে বলেন, ‘আদালত এতদিন নরম ছিল তাই এই ধরনের ঘটনা ঘটেছে। পরিস্থিতি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আদালত আর কোনও বেআইনি নির্মাণকে বরদাস্ত করবে না।’
❤ Support Us







