Advertisement
  • দে । শ
  • জুলাই ২৪, ২০২৩

মণিপুর নিয়ে উত্তাল সংসদ, তার মধ্যেই ইপিএফ-এ সুদের হার বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্র

আরম্ভ ওয়েব ডেস্ক
মণিপুর নিয়ে উত্তাল সংসদ, তার মধ্যেই ইপিএফ-এ সুদের হার বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্র

সোমবারের মতো মুলতুবি হয়ে গেল লোকসভা। অমিত শাহ বলেন মণিপুর নিয়ে সরকার আলোচনায় রাজি। বিরোধীরা বলেন, প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতে হবে। তার পরই অধিবেশন মুলতুবি হয়ে যায় মঙ্গলবার সকাল ১১ টা পর্যন্ত।

মনিপুর ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকার যখন বিরোধীদের চাপে পড়েছে , তখন ইপিএফ-এ সুদের হার বাড়িয়ে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে দেশের মানুষের মন জয় করতে চাইছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ইপিএফ-এর সুদের হার ৮.১ শতাংশ ছিল। সেই সুদের হারকে সামান্য বাড়িয়ে করা হয়েছে ৮.১৫ শতাংশ। এর ফলে দেশের মোট ৬ কোটি সরকারি ও বেসরকারি মানুষ উপকৃত হবেন।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০২২-২৩ সালে ৮.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে ইপিএফে। যা আগের অর্থবর্ষের তুলনায় সামান্য হলেও বেশি। অতীতে সুদ ৮.৫ শতাংশ থাকলেও তা কমিয়ে ৮.১ শতাংশে নিয়ে আসা হয়েছিল ২০২১-২২ অর্থবর্ষে। তা এবার ০.০৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। তবে এই বৃদ্ধি সত্ত্বেও আগের অর্থবর্ষের ঘাটতি মিটল না।

গত ১৯৭৭-৭৮ সালের পরে ২০২১-২২ অর্থবর্ষে মেলা ৮.১ শতাংশ সুদের হার ছিল ইপিএফ=-এর সর্বনিম্ন সুদের হার। এ নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছিল। এ বার সুদ আগের চেয়ে বাড়ানো হল ঠিকই, কিন্তু তা প্রত্যাশা পূরণ করতে পারল না বলেই মনে করছেন অনেকে।

নিয়ম অনুযায়ী প্রতি বছর মার্চ মাসে ইপিএফও-র অছি পরিষদের বৈঠক হয়। সেখানেই সেই বছরের সুদের হার নির্ধারণ হয়। এর পরে প্রস্তাবাকারে তা কেন্দ্রীয় অর্থমন্ত্রকে পাঠানো হয়। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরে অর্থমন্ত্রক আবার ইপিএফও- র অছি পর্ষদকে তা জানায়।

তবে রাজনৈতিক মহলের ধারণা কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার এমনিতেই মূল্যবৃদ্ধি, দেশ জোড়া কর্মহীনতা নিয়ে চাপে আছে। তার উপর মণিপুরের এই বর্বরোচিত ঘটনা কেন্দ্রের সরকারের ওপর আরও চাপ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্র চাইছে মানুষের কিছু দাবিদাওয়া মেনে নিয়ে আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনে মানুষের সমর্থন আদায় করতে। তবে এখনও পর্যন্ত সংসদের উভয় কক্ষয়ে “ইন্ডিয়া” যে ভাবে বিজেপিকে মণিপুর ইস্যুতে চেপে ধরেছে তাতে বেশ নাজেহাল নরেন্দ্র মোদির সরকার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!