- দে । শ
- জুলাই ৩১, ২০২৩
মণিপুর সমস্যা সমাধানে ব্যর্থ কেন্দ্র। বিকল্প কেবলমাত্র ‘ইণ্ডিয়া’-ই, বিধানসভায় নিন্দা প্রস্তাব এনে মন্তব্য মুখ্যমন্ত্রীর। তীব্র বিরোধিতা শুভেন্দুর
মণিপুর ইস্যুতে রাজ্য বিধানসভায় নিন্দা প্রস্তাবে বলতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুরের ডাবল ইঞ্জিন সরকার ও কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র সমালোচনা করে বলেন, “মণিপুরের সমস্যা সমাধানে সম্পূর্ণ ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে বলছি, যদি মণিপুরের সমস্যা সমাধানে আপনি ব্যর্থ হন তাহলে ইন্ডিয়া -জোটকে দায়িত্ব দিন।”
মণিপুর ইস্যুতে নিন্দা প্রস্তাবে আলোচনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অংশগ্রহণ করে এই প্রস্তাবের বিপক্ষে বলেন এবং বিধানসভায় শাসকদলের বিধায়করা তুমুল চিৎকার করে শুভেন্দু অধিকারীকে বাঁধা দিতে থাকেন।
শুভেন্দু অধিকারী বলেন, আইন শৃঙ্খলা হচ্ছে রাজ্য তালিকাভূক্ত। তাই অন্য রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কি এই রাজ্যের বিধানসভায় আলোচনা হওয়ার কোনও আইনি অধিকার নেই। বিজেপি বিধায়করা সার্বিকভাবে যা বলেন তার মূল বিষয় হল, পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে এখনও পর্যন্ত যে হিংসা রাজ্যে চলছে তা নিয়ে কোনও আলোচনা রাজ্যের শাসক দল বিরোধীদের দেয় না।
এদিকে মণিপুর ইস্যুতে বলতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী মণিপুর ইস্যুতে ব্যার্থ অথচ বিদেশ সফরে যেতে প্রধানমন্ত্রীর অসুবিধা হয় না। প্রধানমন্ত্রী জানিয়ে দিন মণিপুরে শান্তি ফেরাতে পারবেন না, তাহলে আমরা জানি কী করে মণিপুরে শান্তি ফেরাতে হয়। মণিপুরের মতো একটা সুন্দর রাজ্য এভাবে ক্ষতি হতে পারে না। মুখ্যমন্ত্রী বলেন, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রতি বলছি আপনারাও আপনাদের রাজ্যের বিধানসভায় মণিপুর ইস্যুতে নিন্দা প্রস্তাব আনুন। এদিন শুভেন্দু অধিকারী মণিপুর ইস্যুতে নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে গিয়ে বলেন, মণিপুর নিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় আলোচনা আইনত হতে পারে না। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভায় বলেন, মণিপুর নিয়ে বিধানসভায় আলোচনা হতে পারবে না বলে যারা আইন দেখাচ্ছে তাঁরা হরিদাস পাল।”এর পর মুখ্যমন্ত্রীর বক্তব্য চলার সময় বিজেপি বিধায়করা তীব্রভাবে বিধানসভায় হট্টগোল করে অবশেষে তাঁরা ওয়াক আউট করেন।
এদিকে কেন্দ্র এবং মণিপুর সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করলেন মণিপুরের নির্যাতিতা ওই দুই মহিলা। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিয়োতে, যে মহিলাদের প্রাণনাশের হুমকি দিয়ে প্রকাশ্যে নগ্ন করে হাঁটাতে দেখা গিয়েছিল, তাঁরা সুপ্রিম কোর্টের কাছে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আবেদন করেছেন। সুপ্রিম কোর্টকে এই মামলার বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করার অনুরোধ করেছেন। তাঁদের পরিচয় গোপন রাখার অনুরোধও জানিয়েছেন তাঁরা। সোমবার, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের এক বেঞ্চ এই ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিক্রিয়া শুনবে।
❤ Support Us





