- দে । শ
- জুলাই ৯, ২০২৫
মমতার প্রশংসা দিলীপ ঘোষের মুখে
বুধবার সকালে দিল্লি যাওয়ার সময় দিলীপ ঘোষ জানিয়ে যাননি কার ডাকে তিনি সকালেই দিল্লি যাচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিষয়টি স্পষ্ট হয়। জানা যায় দিলিপ ঘোষ বিজেপির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছেন।
এদিন সাক্ষাৎ শেষে দিলীপ ঘোষ স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি বিজেপি ছাড়ছেন না। পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করলেন দরাজ কন্ঠে। নাম না করে সমালোচনা করলেন শুভেন্দু অধিকারীকে।
শিবপ্রকাশের সঙ্গে দেখা করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, “যে পার্টি দাঁড় করিয়েছে, সে কেন পার্টি ছাড়বেন?” পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দিলীপ ঘোষ বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অন্তত দুর্নীতির কোনও অভিযোগ নেই।”
দিলীপ ঘোষ দিল্লি যাওয়ার সময়ই বোঝা গিয়েছিল কিছু একটা হতে চলেছে। বাস্তবে তাই হল। তিনি যে দলে সঠিক মর্যাদা পাচ্ছিলেন না, তা এদিন তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে এসেছেন।
দিলীপ ঘোষ বলেছেন, “অনেক দিন আগে থেকেই অনেক কিছু ঘটছে। দলের মিটিংয়ে আমায় চেয়ার দেওয়া হত না। আমিতো কাজ করেছি। দল ছেড়েতো চলে যাইনি। তবে একজন,দু’জন আমায় দলছাড়া করার চেষ্টা করেছিল। আবার অনেকেই বলেছিলেন, যিনি দলটাকে দাঁড় করিয়েছেন, তিনি কেন দল ছাড়বেন?”
এই একজন, দু’জন কে? সেই প্রশ্নের উত্তর দেননি দিলীপ ঘোষ।
মুখ্যমন্ত্রীর প্রশংসা প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, “আমি সবার প্রশংসা করি। কারও বিরুদ্ধে বিনা কারণে আমায় কিছু বলতে দেখেছেন? প্রশংসা করব না কেন? প্রশংসা এই কারণে করেছি যে বা যাঁরা তাঁকে নিয়ে এত বড়বড় কথা বলছে, তাঁদের নামে কেস আছে। যাঁকে নিয়ে এত চর্চা, তাঁর নামে কেস নেই কেন? আর যাঁর নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেনি তাঁর সঙ্গে যদি বসি, আমি খারাপ হয়ে গেলাম?”
দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়, মমতার প্রশংসা করায় দলীয় কর্মীরা কি অস্বস্তিতে পড়ছে? দিলীপ ঘোষের স্পষ্ট জবাব, “আমি প্রশংসা করায় কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে পড়েছিল। সমস্যা হল মমতা বন্দ্যোপাধ্যায় আমায় এত গুরুত্ব দিয়েছে কেন? এই জন্যই দলের অনেকে অস্বস্তিতে পড়েছিল।”
দিলীপ ঘোষ অনেক বিচক্ষণ ব্যক্তি। তাঁর বক্তব্যের নিশানা যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকেই সেটা আর নতুন করে কাউকে বুঝিয়ে বলতে হল না। দলের প্রাক্তন রাজ্য সভপতি নিজেই তাঁর বক্তব্যে সেটা স্পষ্ট করে দিলেন।
❤ Support Us





