- দে । শ
- জানুয়ারি ১৪, ২০২২
গঙ্গাসাগরে ড্রোনের মাধ্যমে পুণ্যস্নান।
শুক্রবার, মকর সংক্রান্তিতে সাগরের জলে পুণ্যস্নান সারছেন পুণ্যার্থীরা । করোনা আবহে জেলা প্রশাসনের তরফে গঙ্গাস্নানের বিশেষ ব্যবস্থা করা হয় । সমুদ্রতীরে তৈরি করা হয়েছে কয়েকটি অস্থায়ী ই- স্নানের কাউন্টার। এই কাউন্টার থেকেই গঙ্গা জল নিয়ে স্নান করছেন নানা জায়গা আগত ভক্তরা । সমুদ্রতীরে রাখা হয়েছে একাধিক অত্যাধুনিক ড্রোন। এই ড্রোনগুলিতে ১৫ লিটার গঙ্গা জল ভরে নিয়ে উড়ছে । যে সকল পুণ্যার্থীরা ড্রোনের মাধ্যমে স্নান করতে ইচ্ছুক, তাঁদেরকে করোনার স্বাস্থ্যবিধি মেনে সারিবদ্ধভাবে দাঁড় করানোর পর ড্রোনে ওপর থেকে জল ছড়াচ্ছে । কয়েকজন ভক্ত জানিয়েছেন, ‘এ যেন মা গঙ্গা আকাশ থেকে আমাদের পৃথিবীতে নেমে আসছে। যেমনভাবে মহাদেবের জটা থেকে মর্ত্যে আগমন হয়েছিল মা গঙ্গার।’
সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল বলেছেন, করোনা সংক্রমণ এড়াতে গঙ্গাসাগর মেলার জন্য একাধিক নতুন পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। গতবছর ব্যাপকভাবে সাড়া ফেলেছিল ই-স্নান। তার জনপ্রিয়তার কথা মাথায় রেখে এই বছর করোনা পরিস্থিতিতে নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ ড্রোনের মাধ্যমে পুণ্যার্থীদের স্নান করার ব্যবস্থা করা হয়েছে।সংক্রমণ রুখতে এই বছর গঙ্গাসাগর মেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। মাস্ক, জোড়া ডোজ ভ্যাকসিনের রিপোর্ট, আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট ছাড়া গঙ্গাসাগরের কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না । একত্রে ৫০ জনের বেশি পুণ্যার্থীদের সমুদ্র সৈকতে জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ।
এবারে গঙ্গাসাগরে যাতায়াত ব্যবস্থার দিকেও বাড়তি নজর দেওয়া হয়েছে। এক টিকিটেই পৌঁছে যাওয়া যাচ্ছে তীর্থস্থানে। শুধু যাওয়া নয়, ফেরাও। করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে সাগরে যাওয়ার এক টিকিট ব্যবস্থায় খুশি পুণ্যার্থীরা। অতীতে গঙ্গাসাগর যেতে পুণ্যার্থীদের বাসে, ভেসেলে আবার বাসে ওঠার জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হতো। কিন্তু এবারই প্রথম বারবার বাস বা ভেসেলের আলাদা করে টিকিট কাটতে যাত্রীদের লাইনে দাঁড়াতে হচ্ছে না। হাওড়া থেকে ২১০ টাকা, আর বাবুঘাট থেকে ২০০ টাকা দিয়ে একবার টিকিট কাটলেই ঘুরে আসা যাচ্ছে গঙ্গাসাগর।
❤ Support Us






