Advertisement
  • দে । শ
  • মে ৮, ২০২৫

তাপপ্রবাহে প্রাণ হারালেন কৃষক

আরম্ভ ওয়েব ডেস্ক
তাপপ্রবাহে প্রাণ হারালেন কৃষক

তাপপ্রবাহের বলি প্রান্তিক কৃষক। কালনার নান্দাই পঞ্চায়েতের দুপসা গ্রামের বাসিন্দা সাগর মাঝির (৫৬) দেহ মেলে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কুটিরডাঙা মাঠে।

কয়েকদিন ধরে গোটা পূর্ব বর্ধমান জেলাজুড়ে দিনে তীব্র তাপপ্রবাহ আর বিকেলে কালবৈশাখীর ঝড়-বৃষ্টি-বজ্রপাত লেগেই রয়েছে। কালনার দুপসার প্রান্তিক কৃষক সাগরের মজুর লাগানোর সামর্থ্য ছিল না। তাই দিনভর মাঠ থেকে ধান বওয়ার কাজ করতে করতে মাঠেই অসুস্থ হয়ে পড়ে যান। রাত হয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করার পর মাঠ থেকে তাকে উদ্ধার করেন পরিবারের লোকজন। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। কিন্তু মাঠে ধান কাটা, আখ-পাট-তিল-সবজির পরিচর্যা-সহ চাষের কাজ, স্কুল-কলেজে ভর্তির লাইন দিতে বাড়ি থেকে বের হতেই হচ্ছে।

এই আবহে অসুস্থ হওয়ার সম্ভাবনাও বাড়বে ভেবেই বেশকিছু পরিকল্পনা সরকারি হাসপাতালগুলির। কালনা মহকুমা হাসপাতালে বাড়ানো হয়েছে বাতানুকূল যন্ত্র। তাপ কমাতে হাসপাতালের ছাদে বিশেষ আস্তরণ দেওয়া হবে। কাটোয়া মহকুমা হাসপাতালেও বৈদুতিন পাখার সংখ্যা বাড়ানো হয়েছে। বেশি করে ওআরএস ও স্যালাইন মজুত করা হয়েছে। কাটোয়া হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডলের পরামর্শ, ‘দুপুরের তীব্র রোদটা এড়িয়ে চলতে হবে। বাইরের খাবার না খাওয়া, পর্যাপ্ত জল খাওয়া, অসুস্থ বোধ হলে ছায়াঘেরা জায়গায় বিশ্রাম এবং প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নিতে হবে।’

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!