- দে । শ
- মে ১২, ২০২৩
ক্ষমতায় থাকলে ২৪ ঘন্টাতেই মিটিয়ে দিতাম রুশ-ইউক্রেন বিবাদ, দাবি ট্রাম্পের
রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান চান পূর্বতন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এব্যাপারে উভয়ে দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলতে তিনি আগ্রহী। তাঁর দাবি, এ মুহুর্তে তিনি আমেরিকার রাষ্ট্রপতি থাকলে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দিতেন। তাঁর অতিরঞ্জিত দাবি নিয়ে আপাতত সরগরম সামাজিক প্রচার মাধ্যম।
বৃহস্পতিবার একটি আলোচনা সভায় যোগ দেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি। সেখানে রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি শান্তিপূর্ণ আলোচনার পথে দুই রাষ্ট্রের বিবাদ মিটিয়ে নেওয়ার কথা বলেন। ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে মীমাংসার বিষয়। নরমেধযজ্ঞ আটকাতে গেলে দু পক্ষের মধ্যে বৈঠক আশু প্রয়োজন। তিনি মনে করেন, মার্কিন দেশের রাষ্ট্রক্ষমতার আসনে তিনি আসীন থাকলে রুশ-ইউক্রেনের বিবাদ মিটিয়ে ফেলতে বেশি সময় লাগত না। তাঁর আন্তরিক ইচ্ছা, রাশিয়া ও ইউক্রেন দ্রুত মানুষ হত্যা বন্ধ করে আলোচনার টেবিলে মিলিত হোক।
রুশ রাষ্ট্রপতি সম্পর্কেও ট্রাম্পের কন্ঠে শোনা গেল ইতিবাচক মন্তব্য। তিনি বলেছেন, পুতিন অত্যন্ত বিচক্ষণ রাষ্ট্রনেতা। তবে, বিশেষ যুদ্ধাভিযান শুরু করে তিনি খুব বিচক্ষণতার পরিচয় দেননি। পুতিনকে যুদ্ধাপরাধী ঘোষণা করা নিয়েও মার্কিন ধনক্কুবেরের আপত্তি। তাঁর মতে, এতে যে কোনো চুক্তি করা কঠিন হয়ে উঠবে। যা শান্তি স্থাপন প্রক্রিয়াকে আরো দীর্ঘায়িত করবে।
দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান কবে হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাশিয়া মুখে শান্তি স্থাপনের কথা বললেও কার্যত তাঁর কোনো লক্ষণ চোখে পড়ছে না। জেলেনেস্কি পশ্চিমি শক্তির সাহায্যেপাল্টা আক্রমণে ধার বাড়িয়ে চলেছেন অহরহ। এখনও পর্যন্ত এ যুদ্ধে দুপক্ষেরই বহু মানুষ মারা গিয়েছেন। এমতাবস্থায় যুদ্ধের অবসান দুই দেশের জন সাধারণের স্বাভাবিক চাহিদা। আগামী রাষ্ট্রপতি নির্বাচন জিততে উন্মুখ ডোনাল্ড ট্রাম্পের অতিনাটকীয় উক্তি তাঁর অন্যান্য কেলেঙ্কারির মতো চাঞ্চল্য সৃষ্টি করতে পারে, সমস্যার সমাধানে তা আদৌ কার্যকরী কতটা সে প্রশ্নের উত্তর উহ্যই রইল।
❤ Support Us







