- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৩১, ২০২৫
এসএসকেএম হাসপাতালে দফায় দফায় আগুন, আতঙ্কে ছুটোছুটি রোগী-পরিজনের
প্রবল বৃষ্টির মধ্যে, এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে হঠাৎ আগুন। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন রোগী, তাঁদের পরিজন এবং হাসপাতালের কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ডিসপ্লে বোর্ডে আচমকাই আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গেই এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। ছড়িয়ে পড়ে প্রবল আতঙ্ক। বড়োসড়ো দুর্ঘটনার আশঙ্কা ছিল, শেষ পর্যন্ত ততটা বাড়েনি। হাসপাতালের নিজস্ব ফায়ার ব্রিগেড আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পরপরই অকুস্থল ডিসপ্লে বোর্ডের চারপাশ দড়ি দিয়ে ঘিরে ফেলা হয়। কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না। জরুরি বিভাগের সামনে সব সময়ই ভিড় থাকে, বেড টিকিট কাটার জন্য দীর্ঘ লাইন, ভর্তি প্রক্রিয়াও সেখান থেকেই শুরু হয়। ফলে তুলনামূলকভাবে ছোট অগ্নিকাণ্ড হলেও, আতঙ্কের পারদ ঊর্ধ্বমুখী হওয়া স্বাভাবিক। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। কেউ হতাহত না হলেও, কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
এর কিছু সময় পর, নতুন করে ধোঁয়া দেখা যায় হাসপাতালের রোনাল্ড রস ভবনের চার তলার একটি ঘর থেকে। আতঙ্ক আরও বাড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২ ইঞ্জিন। তাঁরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। হাসপাতাল সূত্রে খবর, ৪ তলার যে ঘরে আগুন লাগে, সেখানে কোনো রোগী ছিলেন না। তবে ওই ঘরের একেবারে পাশেই চিকিৎসকদের বসার ঘর। নীচে দাঁড়িয়ে থাকা রোগীর আত্মীয়দের অনেকেই ধোঁয়া বের হতে দেখে আতঙ্কে পড়ে যান। হাসপাতালের ৩ তলাতে থাকা রোগীরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিছু আসবাব ও নথিপত্র আংশিকভাবে পুড়ে গিয়েছে। তবে ক্ষয়ক্ষতি আশঙ্কার তুলনায় অনেক কম বলেই দাবি হাসপাতাল সূত্রের। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দমকল দফতরের পাশাপাশি, হাসপাতালের ইঞ্জিনিয়ারিং বিভাগও আলাদাভাবে ঘটনা পর্যালোচনা করছে। হাসপাতালের মতন স্পর্শকাতর জায়গায় দিনে-দুপুরে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।
❤ Support Us






