- দে । শ
- জুলাই ১৫, ২০২৩
পিটিআই–কে নিষিদ্ধ করা হলে নতুন দল তৈরি করে নির্বাচনে লড়বেন ইমরান
পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে ইমরান খানের দল তেহরিক–ই–ইনসাফ পার্টিকে (পিটিআই)। আর পিটিআই–কে নিষিদ্ধ করা হলে নতুন রাজনৈতিক দল তৈরি করে নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এবং নির্বাচনে জেতার ব্যাপারেও তিনি আশাবাদী।
তাঁর দলের ওপর সাম্ভাব্য নিষেধাজ্ঞার ব্যাপারে জিজ্ঞেস করা হলে ইমরান খান বলেন, ‘আমাদের দলের ওপর যদি নিষেধাজ্ঞা জারি করা হয়, তাহলে আমরা নতুন নামে একটা দল গঠন করব এবং তারপরেও নির্বাচনে জয়ী হব।’ সংবাদ সংস্থা নিক্কেই এশিয়ার সাথে কথা বলার সময় তিনি আরও দাবি করেন যে, তাঁকে নির্বাচনে লড়তে না দেওয়া হলে এবং কারাবন্দী করা হলেও তাঁর দল নির্বাচনে জয়ী হবে। ইমরান খান আরও জোর দিয়েছেন যে, তাঁর সমর্থকদের ভিত্তি শক্তিশালী রয়েছে। যে কোনও রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৈরি। দলের সমর্থকদের ওপর চলমান দমন–পীড়ন প্রসঙ্গে ইমরান বলেন যে, সরকার এখনও ভয় দেখিয়ে তাঁর দলকে দুর্বল করার চেষ্টা করছে।
৯ মে দেশব্যাপী বিক্ষোভ এবং পরবর্তীতে বিক্ষোভকারী এবং পিটিআই সদস্যদের ওপর সরকারি দমন–পীড়নের পরে ইমরান খানের দলকে নিষিদ্ধ করার জন্য বেশ কয়েকজন মন্ত্রী সুপারিশ করেছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ সরকারকে পরামর্শ দিয়েছেন, পিটিআই–কে নিষিদ্ধ করাই দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের একমাত্র সমাধান। অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পিটিআই–কে নিষিদ্ধ করার চিন্তাভাবনা করা হচ্ছে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান এবং পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও জানিয়েছেন, তাঁর দল পিটিআই-এর ওপর নিষেধাজ্ঞার বিরোধিতা করবে না।
❤ Support Us






