- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২১, ২০২৫
অসুস্থ রাজ্যপাল, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
হঠাৎ অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস। হার্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন কমান্ড হাসপাতালে। রাজভবন সূত্রে খবর, চিকিৎসায় ‘হার্ট ব্লকেজ’ ধরা পড়েছে রাজ্যপালের। বর্তমানে অবস্থা স্থিতিশীল হলেও, শীঘ্রই তাঁকে বাই-পাস সার্জারি করাতে হতে পারে। অসুস্থ আনন্দ কে দেখতে হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মালদা-মুর্শিদাবাদ সফর থেকে ফিরেই ভয়ঙ্কর অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস। হার্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন কমান্ড হাসপাতালে। রাজভবন সূত্রে খবর, চিকিৎসায় ‘হার্ট ব্লকেজ’ ধরা পড়েছে রাজ্যপালের। বর্তমানে অবস্থা স্থিতিশীল হলেও, শীঘ্রই তাঁকে বাই-পাস সার্জারি করাতে হতে পারে। খবর পেয়ে, শালবনি যাওয়ার পথে, অসুস্থ আনন্দ কে দেখতে হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ রাজ্যপালকে দেখে আসার পর মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যপালকে দেখতে গিয়েছিলাম। উনি হঠাৎ করে ভর্তি হয়েছেন। শরীরটা খারাপ। যা হোক, দেখে এলাম। কাল প্রোগ্রাম করে ফিরে আসব।’
রাজভবন সূত্রে জানা গেছে, সোমবার রুটিন শারীরিক পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল। ৭৪ বছর বয়সী আনন্দ মাঝেমধ্যে এমন স্বাস্থ্যপরীক্ষা করিয়ে থাকেন। তবে এদিন চিকিৎসকেরা পরীক্ষার পর তাঁর হৃদযন্ত্রে ব্লকেজের লক্ষণ দেখতে পান। এরপরই তাঁকে অবিলম্বে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। চিকিৎসকেরা সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন, পর্যবেক্ষণে রেখেছেন। তবে রাজ্যপালের হৃদযন্ত্রে যে ব্লকেজ পাওয়া গেছে তা বেশ গুরুতর। তার চিকিৎসার জন্য বাইপাস সার্জারির প্রয়োজন। সেই কারণেই মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁকে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে। সূতের খবর, মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে রাজ্যপালের শারীরিক সমস্যার পুরো বিষয়টি তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত সপ্তাহে ওয়াকফ আইন ঘিরে ছড়িয়ে পড়া হিংসায় আশান্ত মালদা ও মুর্শিদাবাদ পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল। শনিবার, সুতি, ধুলিয়ান ও সামশেরগঞ্জ-সহ একাধিক এলাকায় ঘুরে ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। গ্রামবাসীরা তাঁদের নানা অভিযোগ ও দাবিদাওয়া জানিয়েছেন তাঁকে। রাজ্যপাল তাঁদের আশ্বস্ত করে রাজভবনের পিসরুমের নম্বরও দিয়ে আসেন যাতে ভবিষ্যতে সরাসরি যোগাযোগ করা যায়। মাঝে এক দিন কেটেছে, এর মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। রাজ্যপালের ওই সফরের আগে, পরিস্থিতির জটিলতা মাথায় রেখে তাঁকে মুর্শিদাবাদে না যাওয়ার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সে অনুরোধ না রেখেই গত শুক্রবার শিয়ালদহ থেকে ট্রেনে করে মালদহে রওনা দেন আনন্দ বোস। সেখান থেকে পরেরদিন মুর্শিদাবাদ পৌঁছন। ৬ ঘণ্টার দীর্ঘ ট্রেনযাত্রা আর তীব্র গরমে উপদ্রুত এলাকা ঘুরে ঘুরে দেখবার কর্মসূচীতে শারীরিক ধকল গেছে তাঁর। রাজ্যপালের হঠাৎ করে অসুস্থতার ঘটনায় রাজ্য প্রশাসনিক মহলে উদ্বেগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, সিমেন্ট কারখানার পর এবার শালবনিতে বিশাল বিনিয়োগে আরো একটি বড় প্রকল্প গড়ে তুলতে চলেছে জিন্দল গোষ্ঠী। সোমবার দুপুরে এই প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনির উদ্দেশে রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী কমান্ড হাসপাতালে রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে হেলিকপ্টারে শালবনির উদ্দেশে রওনা দেন।
❤ Support Us






