- এই মুহূর্তে দে । শ
- মে ১৫, ২০২৫
২৩ দিনের লড়াই শেষে সুস্থ রাজ্যপাল, হাসপাতাল ছেড়ে ফিরলেন রাজভবনে
অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তবে আপাতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । মুর্শিদাবাদ সফর সেরে ফেরার পর, গত ২১ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল।
২৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকবার পর, অবশেষে ছাড়া পেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। বৃহস্পতিবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। রাজভবনের তরফে জানানো হয়েছে, তিনি এখন অনেকটা সুস্থ, তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত পূর্ণ বিশ্রামে থাকবেন।
মুর্শিদাবাদ সফর সেরে ফেরার পর, গত ২১ এপ্রিল হঠাৎ অসুস্থ বোধ করেন রাজ্যপাল। প্রথমে রাজভবনের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করেন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয় । রাজ্যপালের অসুস্থতার খবর পেয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে তাঁর খোঁজ নিতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের চিকিৎসা যাতে ঠিকঠাক হয়, সে বিষয়ে প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের কড়া নির্দেশ দেন তিনি। সেদিনই আনন্দ বোসকে নিয়ে যাওয়া হয় আলিপুরের কমান্ড হাসপাতালে। প্রাথমিক পরীক্ষায় হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়ে। পরের দিন, ২২ এপ্রিল, আরো উন্নত চিকিৎসার স্বার্থে তাঁকে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকদের একটি বিশেষ দল, তাঁর হৃদপিন্ডে ‘মিনিমালি ইনভেসিভ করোনারি বাইপাস সার্জারি’ করেন। তারপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।
বেসরকারি হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যপালের শরীরে অক্সিজেনের মাত্রা এখন ১০০ শতাংশ, রক্তচাপ ও শর্করার মাত্রাও স্বাভাবিক। তাঁর আর কোনও গুরুতর শারীরিক সমস্যা নেই। তবে কাজের চাপ যেন না বাড়ে, সে বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন চিকিৎসকেরা। ডাক্তারদের মতে, শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে তাঁর আরো কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। তাই আপাতত কোনো প্রশাসনিক সফর বা ব্যস্ততা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে আরো জানা যাচ্ছে, রাজ্যপাল নিয়মিত চেক-আপের আওতায় থাকবেন।
❤ Support Us







