Advertisement
  • দে । শ
  • মে ১২, ২০২৫

উদ্ধার ৪ কোটির হেরোইন, পাচারকারীদের গ্রেফতার করলো জিআরপি

আরম্ভ ওয়েব ডেস্ক
উদ্ধার ৪ কোটির হেরোইন, পাচারকারীদের গ্রেফতার করলো জিআরপি

মাদক পাচার রোধ অভিযানে বড়সড় সাফল্য কালনা জিআরপির। বাজেয়াপ্ত করল প্রায় ৪ কোটি টাকা অর্থমূল্যের হেরোইন। গ্রেফতার পাচারে অভিযুক্ত নবদ্বীপের ২ বাসিন্দা। পূর্ব রেলের ব্যান্ডেল-কাটোয়া রেলপথের নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া হল্ট রেলস্টেশন থেকে পাকড়াও নবদ্বীপ খড়ের মাঠ এলাকার যুবক তরুণ বিশ্বাস। হাওড়া জিআরপির অধীনস্থ কালনা জিআরপি ও কলকাতা এসটিএফের যৌথ অভিযানে তরুণ বিশ্বাসের সঙ্গে নবদ্বীপেরই বাসিন্দা বিশ্বজিৎ চৌধুরিকেও গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স, এনডিপিএস আইনে মামলা দায়ের হয়েছে।

জানা গেল, গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপধাম রেলস্টেশনে প্রথম অভিযানটি হয় ৮ মে রাতে। সেই রাতে বিশ্বজিৎ চৌধুরির কাছ থেকে ১ কেজি ১ গ্রাম হেরোইন উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের বাজারদর প্রায় ৪ কোটি টাকা। এরপরেই বিশ্বজিৎকে পুলিশ হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতেই নবদ্বীপ স্টেশনেই গতরাতে দ্বিতীয় দফার অভিযান চালানো হয়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় মূল চক্রী তরুণ বিশ্বাসকে।

জিআরপি সূত্রের খবর, তরুণই সস্ত্রীক বিশ্বরূপকে কামরূপ-কামাখ্যা বেড়াতে পাঠায়। বেড়ানোর যাবতীয় খরচাপাতি বহন করে তরুণই। শুধু বলে দেয়, ফেরার সময় সেখান থেকে একটি প্যাকেট এনে দিতে হবে। সেই প্যাকেটেই ছিল বহুমূল্য মাদক। তরুণকে কালনা মহকুমা আদালতে পেশ করা হলে সে আদলতকে জানায়, সে কিছু জানত না। এলাকারই এক যুবক তাকে প্যাকেটটি আনার ব্যবস্থা করতে বলে। পুলিশকে ওই যুবকের নামও জানিয়েছে তরুণ। তরুণ কাঁসা-পিতলের জিনিসপত্র পালিশ আর বিশ্বজিৎ রাজমিস্ত্রি ও ক্যাটারিংয়ের কাজ করে। এদের দুজনকে জেরা করে পুলিশ কতগুলি বিষয় সম্পর্কে নিশ্চিত হতে চাইছে। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আসছিল আর কোথায় যেত ? আর কতজন জড়িত ? কোথায় কোথায় এই চক্রের ঘাঁটি? মূল পাণ্ডা কে? পাচারের জন্য রেলপথকে কেন বাছা হয়েছে? ধৃত দুজনকে কালনা মহকুমা আদালতে তোলা হলে বিশ্বজিতের পুলিশ হেফাজত ও তরুণের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বিশ্বজিৎকে আবশ্য হেরোইন-সহ ১৬ মে জেলার বিশেষ আদালতে পেশ করা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!