- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ৯, ২০২২
হিজাব ইস্যুতে কলেজে তেরঙ্গার বদলে উড়ল গেরুয়া নিশান, ৩ দিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান
কর্ণাটকের হিজাব বিতর্ক ক্রমশ আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়াচ্ছে । হিজাব ঘিরে তীব্র অশান্তির মাঝেই পড়ুয়াদের পাশে দাঁড়ালেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই ।গতরাতেই হিজাব বিতর্ক নিয়ে মালালা টুইটারে লেখেন, ‘পড়াশোনা এবং হিজাবের মধ্যে কোনও একটা বেছে নিতে বাধ্য করছে কলেজ । হিজাব পরে মেয়েদের স্কুলে যেতে নিষেধ করার বিষয়টি ভয়ানক । খোলামেলা হোক বা ঢাকা পোশাক – মহিলাদের অবজেক্টিফিকেশনের ধারা চলছেই। ভারতের রাজনৈতিক নেতাদের প্রতি তাঁর আবেদন, ‘অবশ্যই মুসলিম মহিলাদের মূল সমাজ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি রুখতে হবে।’
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাস থেকে বিজেপি শাসিত কর্ণাটকের কলেজে মুসলিম ছাত্রীদের হিজাবে পরা নিয়ে বিতর্ক শুরু হয়েছে । গত কয়েক দিনে তা চরমে পৌঁছেছে । কর্ণাটকের একটি কলেজে ভারতের জাতীয় পতাকার বদলে গেরুয়া নিশান ওড়ানোর অভিযোগ উঠল এবার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। হিজাব বিতর্কে এমন উত্তপ্ত পরিস্থিতিতে আগামী তিন দিন কর্ণাটকের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই । মঙ্গলবার বিকেলে টুইট করে এই নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার বিকেলে টুইট করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানান, ‘আমি সমস্ত ছাত্র, শিক্ষক এবং স্কুল ও কলেজের কর্তৃপক্ষের পাশাপাশি কর্নাটকের সাধারণ মানুষকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আবেদন করছি । আগামী তিন দিনের জন্য সমস্ত হাই স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি । সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি।’
কর্নাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার জানিয়েছেন, কর্নাটকের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গেছে যে একটি ক্ষেত্রে জাতীয় পতাকার বদলে গেরুয়া পতাকা তোলা হয়েছে। আমি মনে করি আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানগুলিকে এক সপ্তাহ বন্ধ রাখা উচিত। অনলাইনে পড়াশোনা চলতে পারে।’
শিবকুমারের আবেদনকেই মঙ্গলবার মান্যতা দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।এদিকে আজই কর্ণাটক হাই কোর্টে হিজাব সংক্রান্ত মামলার শুনানি ছিল। এদিনের শুনানির পর জনসাধারণকে শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছে আদালত। হাই কোর্ট জানিয়েছে, আমরা সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেব। আগামিকাল দুপুরে ফের এই মামলার শুনানি রয়েছে ।
হিজাব নিষিদ্ধ ইস্যুতে কর্ণাটকের পথেই হাঁটছে মধ্যপ্রদেশ, এমনই ইঙ্গিত দিলেন সে রাজ্যের শিক্ষামন্ত্রী। সবমিলিয়ে ক্রমশ ঘোরালো হচ্ছে এই হিজাব বিতর্ক।
❤ Support Us







