Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২, ২০২৫

সারনাথ থেকে সাইগন; ভগবান বুদ্ধের পবিত্র অবশিষ্টাংশের ঐতিহাসিক শান্তি-যাত্রা। সারথি কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু

আরম্ভ ওয়েব ডেস্ক
সারনাথ থেকে সাইগন; ভগবান বুদ্ধের পবিত্র অবশিষ্টাংশের ঐতিহাসিক শান্তি-যাত্রা। সারথি কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু

সাংস্কৃতিক বন্ধনকে আরো শক্তিশালী করতে ভগবান বুদ্ধের পবিত্র অবশিষ্টাংশ নিয়ে ভিয়েতনামে পৌঁছালেন অন্ধ্রপ্রদেশের পর্যটনমন্ত্রী কে দুর্গেশ এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। ২ থেকে ২১ মে সেগুলি পর্যন্ত ভিয়েতনামে থাকবে। দুই দেশের সাংস্কৃতিক বন্ধন জোরদার করার লক্ষ্যে হো চি মিন সিটিতে পবিত্র অবশিষ্টাংশ প্রদর্শন করা হবে।

ভারতের সংখ্যালঘু বিষয়ক ও সংসদীয় বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু, অন্ধ্রপ্রদেশের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী শ্রী কন্দুলা দুর্গেশ, কয়েকজন বৌদ্ধ ভিক্ষু আর ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের এক বিশিষ্ট প্রতিনিধি দল আজ ভগবান বুদ্ধের পবিত্র অবশিষ্টাংশ নিয়ে, আজ সকালে বিশেষ বিমানে ভিয়েতনামের হো চি মিন সিটিতে এসে পৌঁছেছেন। জাতিসংঘ ঘোষিত ‘বৈশাখ দিবস’ উপলক্ষে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানকে কেন্দ্র করে হচ্ছে এই উদ্যোগ বলে যানা যাচ্ছে। আগামী ৬-৮ মে ভিয়েতনাম জুড়ে এই অনুষ্ঠান পালিত হবে। শুক্রবার, পবিত্র অবশিষ্টাংশ ও প্রতিনিধিদলকে ভিয়েতনামের ধর্ম ও জাতিগত বিষয়ক মন্ত্রী দাও নগক দুং, হো চি মিন সিটি পিপলস কমিটির স্থায়ী ভাইস-চেয়ারম্যান ডুয়ং নগক হাই, ভিয়েতনাম বৌদ্ধ সংঘের সুপ্রিম প্যাট্রিয়ার্ক থিচ ত্রি কোয়াং এবং অন্যান্য বৌদ্ধ ভিক্ষুরা বরণ করে নেন। বিমানবন্দরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের পর, থিচ ত্রি কোয়াং-এর নেতৃত্বে প্রার্থনা ও বুদ্ধের অবশিষ্টাংশের প্রতিষ্ঠাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হো চি মিন সিটির থান তাম মঠে। এই উপলক্ষে, ভারতের পক্ষ থেকে নিয়ে আসা পবিত্র বোধিবৃক্ষের একটি চারা গাছ ভিয়েতনাম বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ে রোপণ করেন ভারতীয় প্রতিনিধি ও ভিয়েতনাম বৌদ্ধ সংঘের শীর্ষ ব্যক্তিরা। জানা যাচ্ছে, এই পবিত্র অবশিষ্টাংশ ২ থেকে ৭ মে পর্যন্ত থান তাম মঠে থাকবে, এরপর তা তায় নিন, হা নই ও হা নাম প্রদেশে ২১ মে পর্যন্ত প্রদর্শিত হবে।

ভারতীয় সংস্কৃতি মন্ত্রকের সূত্র অনুযায়ী, ওই পবিত্র বস্তুগুলি সারনাথ থেকে আনা হয়েছে। কথিত আছে ওখানেই ভগবান বুদ্ধ তাঁর প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন। অন্ধ্রপ্রদেশের নাগার্জুনকোন্ডায় খননকালে প্রাপ্ত অবশিষ্টাংশ সারনাথের মুলগন্ধ কুটি বিহারে রক্ষিত। অনুমান করা হয়, এটি খ্রিস্টপূর্ব ২৪৬ সালেরও আগের। মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া ও ভারতের জাতীয় জাদুঘরের মাধ্যমে আন্তর্জাতিক বুদ্ধ কনফেডারেশনের সহায়তায় ভিয়েতনামে দর্শনের উদ্যোগ করা হয়েছে। প্রথমবারের মতো বুদ্ধের কোনো অবশিষ্টাংশ ভিয়েতনামে এসেছে। সারা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এই উদ্যোগের বিশেষ তাৎপর্য রয়েছে। আন্তর্জাতিক বুদ্ধ কনফেডারেশন এক্স-এর পোস্টে জানিয়েছে, ‘ভারত থেকে আগত পবিত্র বুদ্ধ অবশিষ্টাংশ ইতিমধ্যে ভিয়েতনামে পৌঁছেছে। ভিয়েতনাম বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের বুদ্ধ হল-এ এক পবিত্র অনুষ্ঠানের পর থান তাম প্যাগোডায় নিয়ে যাওয়া হয়েছে, যেখানে জনসাধারণ সেগুলি দর্শন করতে পারবেন।’ ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব, কিরেন রিজিজু এক্স-এ লেখেন, ‘ভগবান বুদ্ধের পবিত্র অবশিষ্টাংশ ভিয়েতনামে নিয়ে যাওয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পেরে আমি গভীরভাবে কৃতজ্ঞ। এটি আত্মার গভীরতম স্পর্শের অভিজ্ঞতা। সম্মানিত ভিক্ষু, অন্ধ্রপ্রদেশ সরকারের মন্ত্রী শ্রী কন্দুলা দুর্গেশ ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে এই শান্তি ও করুণার যাত্রায় অংশগ্রহণ করতে পেরে আমি কৃতজ্ঞ। পবিত্র অবশিষ্টাংশ ২ থেকে ২১ মে পর্যন্ত ভিয়েতনামে থাকবে।’

আইবিসি-র মহাপরিচালক অভিজিৎ হালদার জানান, ‘ভিয়েতনাম একটি সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ জনগোষ্ঠী-পূর্ণ দেশ। তাদের কাছে এই পবিত্র অবশিষ্টাংশ কেবল প্রতীক নয়, স্বয়ং বুদ্ধেরই প্রতিরূপ। সময়কাল হিসাবেও এই যাত্রা খুবই তাৎপর্যপূর্ণ। ভিয়েতনামের জাতীয় দিবস এবং বৈশাখ দিবসের সময়েই এই যাত্রা করা হয়েছে। তিনি আরো জানান, ‘খুব কম মানুষই জানেন, ভারতের ২য় ও ৩য় শতাব্দীর বৌদ্ধ নিদর্শনের সঙ্গে ভিয়েতনামের অনেক পুরাতাত্ত্বিক নিদর্শনের মিল আছে। আমরা একটি তুলনামূলক প্রদর্শনীও আয়োজন করছি, যেখানে এই যৌথ ইতিহাস তুলে ধরা হবে।’ বৈশাখ দিবসের প্রেক্ষাপটে আর ভারত-ভিয়েতনামের গভীর আত্মিক সংযোগের অংশ হিসেবে, প্রাচীন বৌদ্ধ বিশ্বাস ও প্রায় দুই হাজার বছরব্যাপী শিল্প-সংস্কৃতির ঐতিহাসিক সম্পর্কের উপর ভিত্তি করে একটি বিশেষ প্রদর্শনী হো চি মিন সিটির ভিয়েতনাম বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ওই ২০ দিনের প্রদর্শনীতে, প্রায় ৩০ লক্ষ ভক্ত ভগবান বুদ্ধের অবশিষ্টাংশের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও, ভারতের একটি সাংস্কৃতিক দল ‘গৌতম বুদ্ধের যাত্রাপথ’ নামে বিশেষ নৃত্য-নাট্য পরিবেশন করবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!