Advertisement
  • দে । শ
  • জুন ৩০, ২০২৫

দলের নয়, এনজিওর হয়ে গিয়েছিলেন বোমার আঘাতে নিহত বালিকার বাড়িতে, শোকজের জবাব হুমায়ুনের

আরম্ভ ওয়েব ডেস্ক
দলের নয়, এনজিওর হয়ে গিয়েছিলেন বোমার আঘাতে নিহত বালিকার বাড়িতে, শোকজের জবাব হুমায়ুনের

ডেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন পুলিশ কর্তা তাঁর দলকে শোকজ নেটিশের জবাব দিলেন। তবে সেই জবাবে কোথাও তিনি স্বীকার করেননি, কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের পর সেখানকার মৃত ৯ বছরের তমন্নার বাড়িতে গিয়ে তিনি ভুল করেছেন। এমনকি তমন্নার বাড়িতে দলের অনুমতি ছাড়া যাওয়ার জন্য ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করার মতো কোনও কিছুরই উল্লেখ হুমায়ুন তাঁর জবাবে করেননি।

তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, ডেবরার তৃণমূল বিধায়ক কেন দলকে না জানিয়ে কালীগঞ্জে নিহত তমন্নার বাড়ি গিয়েছিলেন তার কারণ দলের তরফে চিঠি দিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হুমায়ুনকে দলের তরফে শোকজের নোটিশ পাঠিয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। জবাবে হুমায়ুন জানিয়েছেন, তিনি তৃণমূলের তরফে মৃত তমন্নার বাড়ি যাননি। তাঁর মৃতার বাড়িতে যাওয়ার ঘটনা পুরোপুরি অরাজনৈতিক। তাঁর নিজস্ব একটি অরাজনৈতিক সংগঠন বা এনজিও রয়েছে। সেই এনজিও-র তরফে তিনি মৃতা তমন্নার মা সাবিনা বিবিকে অর্থ সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন। সাবিনা বিবি যে তাঁর কাছ থেকে টাকা নিতে সম্মত হননি সেই বিষয়টিও হুমায়ুন কবির শোকজের জবাবে স্পষ্ট লিখিত ভাবে জানিয়েছেন।

শাসক দলের বিধায়ক হয়ে কালীগঞ্জের নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় ওই বিধানসভারই এক ছোট্ট মেয়ের সকেট বোমার আঘাতে মৃত্যুর ঘটনার পর হুমায়ুন কবির কি মৃতার মাকে অর্থ সাহায্য দিতে যেতে পারেন ? যেখানে এই মৃত্যুর ঘটনা তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল থেকে নিক্ষেপ করা সকেট বোমায় ঘটেছে বলে অভিযোগ। এমন কি মৃতের মা সাবিনা বিবি নাম ধরে ধরে অভিযোগ করেছেন ২৪ জনের বিরুদ্ধে। যাঁরা সবাই স্থানীয় তৃণমূল নেতা-কর্মী বলে পরিচিত। পুলিশের বিরুদ্ধেও কর্তব্যে অবহেলার অভিযোগ মৃতার মা করেছেন। বিধায়ক আগে কেন আসেননি, সেই প্রশ্নও তুলেছেন সাবিনা বিবি।

এখন দেখার শোকজের জবাবে দল হুমায়ুনের বিরুদ্ধে নতুন করে কোনও ব্যবস্থা নেয় কি না। তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে ব্যবস্থা তৃণমূল দলের তরফে নেওয়া হয় কি না সেটাও দেখার। কেন না সাবিনা বিবির অভিযোগ, তাঁর একমাত্র মেয়ের মৃত্যু হয়েছে তৃণমূলের বিজয় মিছিল থেকে নিক্ষেপ করা সকেট বোমায়। তাঁদের বাড়িতে বোমা নিয়ে হামলা করা হয়েছে তাঁরা সিপিআই(এম) সমর্থক তাই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!