- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২৯, ২০২৩
দেশজুড়ে তাপমাত্রার রেখা উর্ধ্বমুখী। প্ৰভাব অর্থনীতিতে, বাড়বে বিদ্যুৎ সঙ্কট
এখনই প্রবল তাপের হাত থেকে ভারতবাসীর রেহাই মেলার কোনও আশা নেই। বরং মে মাসে ভারতের নানা অংশে তাপমাত্রা চড়চড় করে বাড়বে। এর জেরে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হতে পারে। অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি বিদ্যুতের সঙ্কটও দেখা দিতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি বছরের মে মাসে ভারতের নানা এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই থাকবে। পূর্ব-মধ্য ভারত এবং পূর্ব ভারতের রাজ্যগুলির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। এছাড়া উত্তর-পূর্ব ভারতেও গরম বাড়বে আগামী মাসে।২০২২ সালেও ভারতে ব্যাপক গরম পড়েছিল। তাপপ্রবাহ চলেছে দেশজুড়ে। এর জেরে কোটি কোটি সাধারণ নাগরিক ভোগান্তির মুখে পড়েন। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গমের ফলন, সেজন্যে সারা বিশ্বজুড়ে গম রফতানিতে টান পড়ে। এবছরও তীব্র গরমের ফলে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হবে বলে আশঙ্কা।
তীব্র গরমের ফলে এসি মেশিন, পাখা ব্যবহার করার প্রবণতা উল্লেখযোগ্য হারে বাড়ার ফলে দেশজুড়ে বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা। এতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের কোটি কোটি মানুষ রাস্তাঘাটে কাজ করেন। গরমের হাত থেকে স্বাস্থ্য সুরক্ষায় তাঁরা সতর্কতামূলক ব্যবস্থা না নিলে বিপদের সম্ভাবনা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর-পশ্চিম ভারতের একাংশে আগামী মে মাসে তাপমাত্রা স্বাভাবিক কিংবা স্বাভাবিকের থেকে কম থাকবে। এছাড়া পশ্চিম-মধ্য ভারতের তাপমাত্রাও স্বাভাবিক কিংবা স্বাভাবিকের চেয়ে কম থাকার সম্ভাবনা।
তবে কেবল ভারতেই নয়, আগামী মে মাসে তাপমাত্রা চড়চড় করে বাড়বে থাইল্যান্ড এবং বাংলাদেশেও। চিনের ইউনান প্রদেশ ইতিমধ্যেই খরার কবলে পড়েছে বলে জানা গিয়েছে। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি বছর বর্ষার আগে এল নিনো বিপদ আরও বাড়াতে পারে।
❤ Support Us








