- এই মুহূর্তে দে । শ
- মে ১, ২০২৫
ভারতীয় আকাশসীমায় নিষিদ্ধ পড়শির বিমান, নজরদারি বাড়ালো পাক এটিসি
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। এই সন্ত্রাসী হামলায় পাকিস্তানের মদত আছে, এই অভিযোগে পড়শি দেশের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে ভারত। এর মধ্যে রয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি, পাকিস্তানিদের ভিসা বাতিল, আটারি–ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া ইত্যাদি। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এবার পাকিস্তানের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দিল ভারত।
বুধবার ভারত সরকার আকাশসীমা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। ভারত সরকারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের বিমান পরিবহন সংস্থাগুলো আপাতত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। পাকিস্তানি বিমানের জন্য ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।’ পাকিস্তান আকাশসীমা বন্ধ করার এক সপ্তাহ পর ভারতও একই নিষেধাজ্ঞা জারি করল।
মন্ত্রীসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলাদা করে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেন জলশক্তিমন্ত্রী সিআর পাটিলের সঙ্গে। এরপর রাতেই কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, পাকিস্তানি বিমান সংস্থাগুলিরল নিজস্ব ও ভাড়া নেওয়া কিংবা পরিচালিত বিমানগুলির জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া হল। ভারতীয় আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার ফলে পাকিস্তানি বিমানগুলিকে অন্যপথে যাতায়াত করতে হবে। এতে জ্বালানি খরচ আরও বেড়ে যাবে।
এদিকে, ভারতের হামলার আশঙ্কা করে নিজেদের আকাশসীমায় নজরদারি জোরদার করেছে পাকিস্তান। দেশের আকাশসীমা দিয়ে চলাচলকারী দেশি ও বিদেশি সব বিমানের ওপর ওপর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোল। বিদেশি বিমানগুলিকে বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সমস্ত বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। কোনও বিমান নিয়ে সন্দেহ হলে উচ্চপর্যায়ের অনুমোদন ছাড়া আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
কোনও সন্দেহভাজন বিমানের পাইলটের কাছ থেকে উড়ানের আগে এয়ার ডিফেন্স ক্লিয়ারেন্স নম্বর সংগ্রহ করতে হবে। যথাযথ কাগজপত্র ছাড়া কোনোও বিমানকে ছাড়পত্র দেওয়া হবে না। নিরাপত্তার কারণে বুধবার কাশ্মীরের গিলগিট ও স্কারদু শহরের নির্ধারিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়।
❤ Support Us






