Advertisement
  • দে । শ বৈষয়িক
  • জুলাই ১৫, ২০২৬

আজ থেকে কার্যকর ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
আজ থেকে কার্যকর ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি

১৫ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হল বহু প্রতীক্ষিত ভারত-যুক্তরাজ্য (India–UK Free Trade Agreement বা FTA) মুক্ত বাণিজ্য চুক্তি। প্রায় তিন বছর ধরে ১৪ দফা আলোচনার পর গত বছরের ২৪ জুলাই দুই দেশের প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীদের উপস্থিতিতে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নতুন চুক্তির ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হল। বিশেষজ্ঞদের মতে, এর ফলে ২০৩০ সালের মধ্যে ভারত ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হয়ে প্রায় ১২০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছতে পারে।

চুক্তি কার্যকর হওয়ার ঠিক আগে ভারতে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত লিন্ডি ক্যামেরন সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, “কাউন্টডাউন শেষ। ১৫ জুলাই থেকে ভারত ও যুক্তরাজ্যের মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হচ্ছে। এটি এক ঐতিহাসিক মুহূর্ত, যা দুই দেশের অর্থনীতির জন্য নতুন যুগের সূচনা করবে।”

ব্রিটেনের পণ্য হবে অনেক সস্তা

এই চুক্তির সবচেয়ে বড় প্রভাব পড়বে আমদানিকৃত ব্রিটিশ পণ্যের দামে। বর্তমানে ব্রিটেন থেকে ভারতে আমদানিকৃত পণ্যের উপর গড় শুল্ক প্রায় ১৫ শতাংশ। নতুন চুক্তির ফলে তা কমে ৩ শতাংশে নেমে আসবে। আগামী ১০ বছরের মধ্যে ৮৫ শতাংশ ব্রিটিশ পণ্য সম্পূর্ণ শুল্কমুক্ত হবে। একই সঙ্গে প্রায় ৯৯ শতাংশ পণ্যের ক্ষেত্রে শুল্কে বড় ধরনের ছাড় কার্যকর হবে।

কোন কোন পণ্যের দাম কমবে ?

  • স্কচ হুইস্কি ও জিন: বর্তমানে ১৫০ শতাংশ আমদানি শুল্ক ধাপে ধাপে কমিয়ে প্রথমে ৭৫ শতাংশ এবং চুক্তির দশম বছরে ৪০ শতাংশ করা হবে। ফলে বর্তমানে ৫,০০০ টাকার একটি স্কচের বোতল ভবিষ্যতে প্রায় ৩,৫০০ টাকায় পাওয়া যেতে পারে।
  • বিলাসবহুল গাড়ি: জাগুয়ার, ল্যান্ড রোভার, রোলস-রয়েসের মতো ব্রিটিশ গাড়ির উপর আমদানি শুল্ক ১০০ শতাংশ থেকে কমে ১০ শতাংশ হবে। এর ফলে এসব গাড়ির দাম প্রায় ২০-৩০ শতাংশ পর্যন্ত কমতে পারে।
  • অন্যান্য পণ্য: ব্রিটেন থেকে আমদানি করা স্যামন মাছ, ভেড়ার মাংস, চকোলেট, বিস্কুট, পোশাক, জুতো, আসবাবপত্র, নরম পানীয়, প্রসাধনী, চিকিৎসা সরঞ্জাম এবং মহাকাশ প্রযুক্তির যন্ত্রাংশও উল্লেখযোগ্যভাবে সস্তা হবে। প্রসাধনী, মেডিক্যাল ডিভাইস ও মহাকাশযানের যন্ত্রাংশের ক্ষেত্রে শুল্ক ১৫ শতাংশ থেকে কমে ৩ শতাংশ হবে।

রফতানিতে বড় সুবিধা

চুক্তির সবচেয়ে বড় সুফল মিলবে ভারতীয় রপ্তানিকারকদেরও। নতুন ব্যবস্থায় ভারতের প্রায় ৯৯ শতাংশ পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্তভাবে রপ্তানি করা যাবে।

এর ফলে বিশেষভাবে লাভবান হবে—

  • তৈরি পোশাক ও বস্ত্রশিল্প
  • গৃহস্থালি সামগ্রী
  • চামড়ার ব্যাগ ও জুতো
  • গয়না ও রত্নশিল্প
  • সামুদ্রিক পণ্য
  • চা
  • মশলা
  • কৃষিজ রাসায়নিক শিল্প

এতদিন ভারতীয় পোশাক ও গৃহস্থালি পণ্যের উপর যুক্তরাজ্যে ৮ থেকে ১২ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হত। নতুন চুক্তির ফলে সেই শুল্ক পুরোপুরি উঠে যাচ্ছে। ফলে ভারতীয় পণ্য ব্রিটিশ বাজারে আরও প্রতিযোগিতামূলক হবে।

এমএসএমই-র জন্য বড় সুযোগ

সরকারের আশা, এই চুক্তির ফলে দেশের ৬ কোটি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) সরাসরি উপকৃত হবে। নতুন বাজারে প্রবেশের সুযোগ বাড়বে এবং যুক্তরাজ্যকে কেন্দ্র করে ইউরোপের বাজারেও ভারতীয় পণ্যের প্রসার ঘটবে। বর্তমানে ভারতের মোট রপ্তানির প্রায় ৪০ শতাংশ আসে এমএসএমই খাত থেকে।

বিশেষজ্ঞদের অনুমান, এই চুক্তির জেরে ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্যে ভারতের রপ্তানির পরিমাণ প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছতে পারে। একই সঙ্গে ভারত-যুক্তরাজ্যের মোট দ্বিপাক্ষিক বাণিজ্য ১২০ বিলিয়ন ডলার ছুঁতে পারে বলে আশা করা হচ্ছে।

ভারত ও যুক্তরাজ্যের এই মুক্ত বাণিজ্য চুক্তিকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। একদিকে ভারতীয় ক্রেতারা কম দামে ব্রিটিশ পণ্য কিনতে পারবেন, অন্যদিকে ভারতীয় শিল্প, বিশেষ করে বস্ত্র, চামড়া, গয়না, চা, মশলা ও এমএসএমই খাত আন্তর্জাতিক বাজারে আরও বড় সুযোগ পাবে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!