- দে । শ
- জুলাই ২২, ২০২৩
রামকৃষ্ণ, বিবেকানন্দ-র নামে কুকথা । অবশেষে ভিডিও বার্তায় ক্ষমা চাইলে ইসকনের অমোঘ লীলা ব্রহ্মচারী
রামকৃষ্ণ পরমহংসদেবে এবং স্বামী বিবেকানন্দ-র নামে কুকথা বলে নিজেই বৃন্দাবনে প্রায়শ্চিয়ত্ত করতে চলে যান ইসকনের অমোঘ লীলা দাস ব্রহ্মচারী। এবার অমোঘ লীলা দাস ব্রহ্মচারী তাঁর এই মন্তব্য করার জন্য এক ভিডিও বার্তায় সেই সব মানুষের কাছে ক্ষমা চাইলেন যাঁরা রামকৃষ্ণ ও বিবেকানন্দের সম্পর্কে তাঁর মন্তব্যে আঘাত পেয়েছেন। ভিডিও বার্তায় ইসকনের এই ব্রহ্মচারী বলেন, “আমি অমোঘ লীলা দাস। এই ভিডিওর মাধ্যমে আমি সেই সব ভক্ত, ও মানুষদের কাছে ক্ষমা চাইছি, যাঁরা আমার মুখ দিয়ে সম্প্রতি রামকৃষ্ণ, বিবেকানন্দর সম্পর্কে মাছ খাওয়া, ধূমপান করা নিয়ে কিছু মন্তব্যের জন্য আহত হয়েছেন, দুঃখ পেয়েছেন। আমি চাইনি, চাই না , আমার কথায় কেউ আঘাত পান। আমি নিজেকে সেই ভাবে নিয়ন্ত্রণে রাখবো যাতে আমার মুখ দিয়ে কোনও দিন এই জাতীয় মন্তব্য বেরিয়ে না যায়, যাতে মানুষের মনে আঘাত লাগে।” ৪৭ সেকেন্ডের এই ভিডিও বার্তাটি শনিবার ইসকনের তরফে দায়িত্বপ্রাপ্ত রাধারমণ দাস সংবাদ মাধ্যমের কাছে পাঠিয়েছেন।
প্রসঙ্গত ইসকনের এই ব্রহ্মচারী অমোঘ লীলা দাসের একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে তাঁকে রামকৃষ্ণ পরমহংসদেবে এবং স্বামী বিবেকানন্দ-র নামে বলতে শোনা যায় এরা মাছ খেয়েছেন, ধূমপান করেছেন, এদের কি করে সাধু বলা যায়? এর পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। তার পর ১১ জুলাই ইসকনের তরফে দায়িত্বপ্রাপ্ত রাধারমণ দাস একটি প্রেস বিবৃতি দিয়ে জানান, তাদের নজরে এসেছে ইসকনের দ্বারকার এক ব্রহ্মচারী অমোঘ লীলা দাস পরম পূজনীয় রামকৃষ্ণ পরমহংসদেবে এবং স্বামী বিবেকানন্দ-র সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করেছেন। রামকৃষ্ণ পরমহংসদেবে এবং স্বামী বিবেকানন্দ-র সম্পর্কে ওর ধারণা না থাকার জন্য ইসকন দুঃখিত । এই গুরুতর কাজের জন্য ইসকন তাঁকে এক মাসের জন্য নিষিদ্ধ করল। অমোঘ লীলা এই মন্তব্যের জন্য নিজেকে এক মাসের জন্য বিচ্ছিন্ন করে বৃন্দাবনের গোবর্ধন থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
❤ Support Us






