- দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুন ১২, ২০২৩
কৃতীদের সংবর্ধনায় পবিত্র বার্তা, শর্টকার্ট নয়, কঠোর পরিশ্রমই সাফল্যের মূল মন্ত্র
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় সাফল্য নিঃসন্দেহে একজন পড়ুয়াকে অধিকতর আত্মবিশ্বাসী করে তোলে। জীবনের প্রত্যেকটা ঘাত-প্রতিঘাতে এ আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদবপুর বই মেলা এই জীবনবোধের পাঠই দিল। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীরা যাতে ভবিষ্যতে আরো গৌরবময় কৃতিত্বের অধিকারী হতে পারে, উপস্থিত বক্তাদের বক্তব্যে পাওয়া গেল তারই সুর।
সম্প্রতি প্রকাশিত হয়েছে, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক , সিবিএসই ও আইসিএসই পরীক্ষার ফলাফল। অন্যান্য জায়গার মতো যাদবপুরেও প্রচুর শিক্ষার্থী প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। সেই সাফল্যকে স্বীকৃতি দিতে ১১ জুন যাদবপুর বইমেলা কমিটি গাঙ্গুলীবাগানে কলতান অডিটোরিয়ামে এক সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন করে । যেখানে হল ভর্তি জনসমাবেশে স্মারক, বই , গোলাপ ও গাছের চারা দিয়ে ৬৫ মেধাবীকে সংবর্ধিত করা হয়। শুধুমাত্র পুঁথিগত পড়াশোনা নয়, নবীন প্রজন্ম যাতে পরিবেশ নিয়েও দরদী হয়ে ওঠে, সেকারণে সংস্থার তরফে অভিনব এক বার্তা দেওয়া প্রচেষ্টা দেখা গেল।
অনুষ্ঠানে, বইমেলা কমিটির স্থায়ী সভাপতি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা ও ভাষাবিদ পবিত্র সরকার। প্রত্যেক কৃতী পড়ুয়াকে তাঁদের অর্জিত সাফল্যে জন্য অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রতিযোগিতা হোক নিজের সঙ্গে। লড়াই যদি করতে হয় তাহলে প্রত্যেক মুহুর্তে নিজেকে আরো উন্নততর করে তোলার জন্য লড়তে হবে, অন্যের বিরুদ্ধে নয়। তাঁর ধারণা , এখনকার ছেলে-মেয়েরা এ নিয়ে অনেকাংশে সচেতন। বিবেকানন্দকে উল্লেখ করে তিনি ছাত্রছাত্রীদের বলেন, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। কঠোর পরিশ্রমই কাঙ্খিত সাফল্যের কাছে তাঁদের পৌঁছে দেবে।
অনুষ্ঠান পরিচালনা করেছেন যাদবপুর বইমেলা কমিটির সম্পাদক ডক্টর তন্ময় ঘোষ।এদিনের অনুষ্ঠানের সভাপতি ছিলেন শিবাশিস দত্ত। কার্যকরী সভাপতির দায়িত্বভার সামলান চন্দনা ঘোষ দস্তিদার।এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষিকা ও প্রধান শিক্ষকরাও মঞ্চে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। কৃতীদের সংবর্ধনা দেওয়া ছাড়াও নৃত্য-গীত পরিবেশনের ব্যবস্থা করা হয়।
সংগঠকদের তরফে জানানো হয়েছে, আবার পূর্ণ উদ্দ্যমে ফিরছে যাদপুরের বই উৎসব। পাশাপাশি সারা বছর ধরেই বিভিন্ন সাংস্কৃতিক কাজেও জড়িয়ে থাকবেন উদ্যোগতারা।
❤ Support Us






