- দে । শ প্রচ্ছদ রচনা
- আগস্ট ১০, ২০২৩
হস্টেলের বারান্দা থেকে পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু। আত্মহত্যা নাকি খুন? তদন্তে পুলিশ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডু। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাংলা অনার্স, প্রথম বর্ষের ওই পড়ুয়া। বৃহস্পতিবার সকালে ওই পড়ুয়ার মৃত্যু হয় হাসপাতালে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের ‘এ ব্লক’ -এর তিনতলার বারান্দা থেকে মাটিতে পড়ে যান ওই পড়ুয়া। তবে তিনি পড়ে যান, নাকি তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। নদিয়া জেলার ছাত্রটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এই মাসের ৩ তারিখ।
যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বুধবার বাংলা প্রথম বর্ষের প্রথম দিনের ক্লাসে অনুপস্থিত ছিল ওই ছাত্র। তারপর মাঝরাতে হস্টেলের আবাসিকরা ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান। তখন ছুটে গিয়ে তাঁরা দেখতে পান, হস্টেলের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ওই পড়ুয়া। তখন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কেপিসি মেডিক্যাল কলেজে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। আজ, বৃহস্পতিবার সকালে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল জানিয়েছে বিশ্ববিদ্যালয়কে।
স্বপ্নদীপের পরিবার সূত্রে জানা গেছে, স্বপ্নদীপ কুণ্ডু বাড়িতে তাঁর মাকে ফোন করে জানায়, “আমার খুব ভয় করছে।” যেদিন সে পড়ে যায় সেদিন সন্ধ্যা থেকে রাতের মধ্যে মাকে বেশ কয়েকবার ফোন করে স্বপ্নদীপ জানায় এই ভয়ের কথা। স্বপ্নদীপ সায়েন্সের ছাত্র ছিল। বাড়ির অভিভাবকদের নিজেই রাজি করিয়ে বাংলা অনার্স নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সহপাঠীরা বলছে, এই মৃত্যু স্বাভাবিক নয়।
❤ Support Us






