Advertisement
  • দে । শ
  • মার্চ ৮, ২০২৩

প্রতীকি কুম্ভকর্ণের কানে কাঁসর ঘন্টা।ন্যায্য চাকরি আর প্রাপ্য ডিএর দাবিতে রাজপথে মিছিল

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রতীকি কুম্ভকর্ণের কানে কাঁসর ঘন্টা।ন্যায্য চাকরি আর প্রাপ্য ডিএর দাবিতে রাজপথে মিছিল

চাকরির দাবিতে প্রতিবাদে মুখর রাজপথ। ৮ মার্চ বুধবার আন্তর্জাতিক নারী দিবসও। এদিন চাকরিপ্রার্থীরা লাগাতার আন্দোলনের শপথ নিয়ে শিয়ালদা থেকে মেয়ো রোড পর্যন্ত মিছিলে হাঁটলেন। মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় মিছিল।

কালো পোশাক পরে চাকরিপ্রার্থীদের অভিনব মিছিল মহানগরীর নাগরিকদের নজর কেড়েছে। চাকরির দাবিতে মিছিলে অংশ নিয়ে এদিন পথ হাঁটলেন এসএলএসটি-র ২০১৬ সালের নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা।

 মিছিলে যোগ দিয়েছেন ডিএ-র দাবিতে লড়াইয়ে নামা সরকারি কর্মীরাও। মিছিলে যাঁরা পথ হাঁটলেন তাঁদের মধ্যে অনেকেই কালো পোশাক পরিহিত ছিলেন। রাজ্য সরকারের ঘুম ভাঙাতে ওঁদের মধ্যে কেউ কেউ কাঁসরঘণ্টা বাজিয়েছেন। প্রতীকী প্রতিবাদে সামিল এক আন্দোলনকারী সেজেছেন কুম্ভকর্ণ। তাঁকে জাগানোর চেষ্টা করছেন অন্যান্য আন্দোলনকারীরা।

 মহিলা চাকরিপ্রার্থীদের  রাজপথে দণ্ডী  কাটতে দেখা যায়।তাদের বক্তব্য, ঘরবাড়ি ছেড়ে রাস্তায় দিনের পর দিন ধরে তাঁরা বসে রয়েছেন । কিন্তু সরকারের কোনো টনক নড়ছে না। তাঁরা চান  তাদের ন্যায্য চাকরির ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক।

এক চাকরিপ্রার্থীর কথায়,  তাঁরা ৭২৫ দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন। রঙের উৎসবেও তাদের জীবন আজ বেরঙিন।  কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। স্বচ্ছ  নিয়োগের ব্যাপারে তাঁরা উদাসীন। তাঁর মতে, পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির দায় শুধু তার  একার নয়। রাজ্যের প্রশাসনিক প্রধান রূপে  মুখ্যমন্ত্রী তাঁর দায়িত্ব অস্বীকার করতে পারেন না। সংখ্যালঘুদের মিথ্যা তোষণ না করে চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন  তাঁরা।

এদিন মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি-এর চাকরিপ্রার্থীদের ধরনা-অবস্থানও ছিল অব্যাহতই। সবমিলিয়ে ২০০ দিনে পেরোল ওঁদের প্রতিবাদ। আন্দোলনকারীরা সমবেতভাবে দাবি তুললেন, বেকারত্বের জ্বালা অসহ্য হয়ে উঠেছে। আমরা চাই ন্যায্য চাকরি।

ডিএ-র দাবিতে আন্দোলনরত এক সরকারি কর্মী এদিন ধরনা মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছে, অসুস্থ হয়ে পড়া ওই সরকারি কর্মীর নাম সমরেন্দ্রনাথ রায়। ধরনা মঞ্চ থেকে সমরেন্দ্রবাবুকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তবে আদৌ কোনও সমাধানসূত্র মিলবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। যদিও চাকরিপ্রার্থী ও ডিএ-র দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মীদের দাবি, নিজেদের প্রাপ্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের রাস্তা থেকে সরবেন না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!