- দে । শ
- জুন ২৪, ২০২৫
প্রায় ১০ মাস জলবন্দি থাকে কালনার গ্রাম
শুধু বর্ষাকালেই নয়। বছরের ১০ মাসই জলবন্দি হয়ে কাটাতে হয়। জলের সঙ্গেই সংসার পাতা কালনার হাটকালনা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রংপাড়ার বাসিন্দাদের। সাপ, ব্যাং, মশা, মাছির বছরভর উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দারা। সেইসঙ্গে পচা জলের দুর্গন্ধ ও দূষণ সহ্য করেই দিন গুজরান এলাকার শ’খানেক পরিবারের। বর্ষার সময় সেই সমস্যা আরও বাড়ে। সমস্ত কাজকর্ম জমে থাকা পচা জল পেরিয়েই করতে হয়। নিকাশি ব্যবস্থাও বেহাল। গোদের উপর বিষফোড়ার মত বিদ্যুতের সমস্যা চরমে উঠেছে। এলাকার বাসিন্দাদের দাবি, সমস্যাগুলি বহুদিন আগেই স্থানীয় পঞ্চায়েতের নজরে আনা হয়েছে। সুরাহার প্রতিশ্রুতিও মিলেছে। তবে সেই প্রতিশ্রুতি অবিলম্বে পূরণের আবেদন জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। সংশ্লিষ্ট হাটকালনা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মন্ডল নিকাশি ব্যবস্থা দুর্বল হওয়ায় এলাকাবাসীকেই দুষছেন। তাঁর কথায়, ‘প্লাস্টিক নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য মাইকিং করা হচ্ছে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছের গ্রামের রাস্তাটির টেন্ডার হয়েছে। খুব শিগগিরই কাজ হবে।’
❤ Support Us






