Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ৩০, ২০২২

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, কেজরিওয়ালের বাড়িতে ‘হামলা’ বিজেপি কর্মীদের

অরবিন্দকে বিজেপি হত্যা করতে চায় বলে অভিযোগ করেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।

আরম্ভ ওয়েব ডেস্ক
‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, কেজরিওয়ালের বাড়িতে ‘হামলা’ বিজেপি কর্মীদের

বুধবার দিনে দুপুরে দিল্লির মুখ্যমন্ত্রীর কেজরিওয়ালের সরকারি বাসভবনে হামলার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার অভিযোগ, অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির গেট ও সিসিটিভি ভেঙে দিয়েছে বিজেপির গুন্ডারা। তাদের বাধা দেওয়ার পরিবর্তে পুলিস নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।কেজরিওয়ালকে বিজেপি হত্যা করতে চায় বলেও অভিযোগ তুললেন মণীশ সিসোদিয়া। তিনি বলেছেন, এটা পরিকল্পিত ষড়যন্ত্র । কেজরিওয়ালকে ভোটে হারাতে না পেরে তাঁকে খুন করতে চায় বিজেপি।

পুলিস জানিয়েছে, বিজেপি যুব মোর্চার ১৫০-২০০ জন কর্মী সকাল সাড়ে এগারোটা নাগাদ মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে পৌঁছয়। কেজরিওয়াল বিরোধী স্লোগান দিতে দিতে তাঁর দরজায় গেরুয়া রং লেপে দেয়। ভেঙে দেওয়া হয় নজরদারি ক্যামেরা। ৭০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই গোটা ঘটনায় বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য টুইট করে বলেছেন, হিন্দুদের অপমান করার জন্য ক্ষমা চাইতে হবে কেজরিওয়ালকে। ক্ষমা না চাওয়া পর্যন্ত তাঁকে রেয়াত করবে না যুব মোর্চা। কেজরিওয়ালের কাছে আমরা দুষ্কূতী। আর কাশ্মিরী হিন্দুদের হত্যাকারী সন্ত্রাসীরা ওঁর কাছের লোক ।
উল্লেখ্য, দিন কয়েক আগে দিল্লি বিধানসভায় দাঁড়িয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রযোজক এবং এই ছবির প্রমোশন করা বিজেপিকে তীব্র কটাক্ষ করেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘৮ বছর দেশের প্রধানমন্ত্রী থাকার পরেও ভোট পাওয়ার জন্য মোদিকে শেষ পর্যন্ত বিবেক অগ্নিহোত্রীর শরণাপন্ন হতে হচ্ছে!’ কাশ্মীরি পণ্ডিতদের নাম করে কোটি কোটি টাকা রোজগার করছেন অনেকে। আর বিজেপি বিবেক অগ্নিহোত্রীর হয়ে পোস্টার লাগানোর কাজ করছে! তাও একটি মিথ্যা ছবির!’

কেজরিওয়ালের এই ‘মিথ্যা ছবি’ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। দিল্লির মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করা অনুপম খের, তোপ দাগেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে হিন্দুদের মধ্যে যে ভাবাবেগ দেখা যাচ্ছে, সেটাকে কাজে লাগাতে আসরে নেমে পড়ে বিজেপিও। কেজরির বিরুদ্ধে শুরু হয় প্রচার। প্রকাশ্যে বিধানসভায় দিল্লির মুখ্যমন্ত্রী যেভাবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে রসিকতা করেছেন সেটাকে ‘হিন্দুদের অপমান’ হিসাবে প্রচার শুরু করে বিজেপি।

কেজরিওয়ালের ওই ‘মিথ্যা ছবি’ মন্তব্যের বিরুদ্ধেই বুধবার তাঁর বাড়িতে ঘেরাও অভিযান চালায় বিজেপি যুব মোর্চার কর্মীরা। নেতৃত্বে ছিলেন সাংসদ তথা বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!