Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১১, ২০২৫

রাজ্যে রেকর্ড, ১১০০ সিসিটিভি ক্যামেরা বসলো কাটোয়ায়

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যে রেকর্ড, ১১০০ সিসিটিভি ক্যামেরা বসলো কাটোয়ায়

অপরাধ রুখতে কাটোয়া থানা এলাকাকে সিসি ক্যামেরায় মুড়ে ফেলার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তার অঙ্গ হিসেবে কাটোয়ার অগ্রদ্বীপ এলাকায় বসানো হল ৮৮টি সিসি ক্যামেরা। ক্যামেরাগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি ও পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস। এর ফলে ‘কাটোয়া থানা এলাকায় ঘটা কোনও অপরাধের দ্রুত কিনারা যাবে ও অপরাধীদের পাকড়াও করা যাবে’ বলে দাবি পুলিশের। বিশেষ করে অপরাধের ধরন বদলানোয় অপরাধের কিনারা করার ক্ষেত্রে সিসি ক্যামেরা একটি উপযোগী মাধ্যম। কাটোয়ার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি জানান, ‘কলকাতা ছাড়া রাজ্যের সমস্ত থানায় যত সিসি ক্যামেরা আছে সেই সংখ্যার থেকে কাটোয়া থানা এলাকায় থাকা সিসি ক্যামেরার সংখ্যা বেশি।’

বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া, ৩ জেলার সীমান্ত লাগোয়া বলে কাটোয়া থানা এলাকা একসময় দুষ্কৃতীদের অবাধ মুক্তাঞ্চলের চেহারা নেয়। অপরাধ নির্মূল করতে ২টি পুরসভা ও ১৬টি পঞ্চায়েত নিয়ে গঠিত কাটোয়া থানা এলাকা সিসি ক্যামেরায় মুড়ে ফেলার কাজ শুরু হয় ২০২১ সালে। তার সুফলও মিলছে। কিছুদিন আগে অগ্রদ্বীপে একটি সোনার দোকানে বড়সড় চুরির কিনারা হয় সিসি ক্যামেরার ফুটেজের সাহায্যে। পুলিশের জালে ধরা পড়ে উত্তরপ্রদেশের বদায়ুঁ গ্যাংয়ের সদস্যরা। কাটোয়া থানায় এ পর্যন্ত ১১০০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সব ক্যামেরায় নজরদারির জন্য কাটোয়া থানার কন্ট্রোল রুমে রয়েছে ৬টি মনিটর। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি জানান, অগ্রদ্বীপের ২৯টি পয়েন্টে ৮৮টি ক্যামেরা বসানো হল। অগ্রদ্বীপ ছাড়াও পয়েন্টগুলি থাকছে গাজিপুর, কালিকাপুর, মালঞ্চ, দেয়াশিন, খেদাপাড়া, সুয়াগাছি, রামদাসপুর, গড়াগাছা প্রভৃতি গ্রামীণ এলাকায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!