Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৩০, ২০২৫

এক বছরের জন্য বন্ধ ‘কবি সুভাষ’ মেট্রো ! স্টেশন ভেঙে পুনর্নির্মাণের সিদ্ধান্ত

আরম্ভ ওয়েব ডেস্ক
এক বছরের জন্য বন্ধ ‘কবি সুভাষ’ মেট্রো ! স্টেশন ভেঙে পুনর্নির্মাণের সিদ্ধান্ত

দক্ষিণ কলকাতার নিত্য যাত্রীদের জন্য বড়ো ধাক্কা। এক বছরের জন্য বন্ধ হয়ে গেল ব্লু লাইনের শেষ প্রান্তের ‘কবি সুভাষ’ মেট্রো স্টেশন। মেট্রো সূত্রের খবর, স্টেশনের একাধিক পিলারে গুরুতর ফাটল ধরা পড়ায় আপৎকালীন ভিত্তিতে যাত্রী পরিষেবা স্থগিত করা হয়েছে। শুধু তাই নয়, প্রাথমিক তদন্তের পরে সিদ্ধান্ত হয়েছে গোটা স্টেশনই ভেঙে নতুন করে নির্মাণ করা হবে।

কলকাতা মেট্রোর কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যেই স্টেশন পুনর্নিমাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে। আগস্টের দ্বিতীয় সপ্তাহ নাগাদ দরপত্র খোলার সম্ভাবনা। সেখান থেকেই শুরু হবে আসল কাজ। যদি দ্রুত কাজ শুরুও হয়, তবু পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে অন্তত ১ বছরের কাছাকাছি সময় লেগে যাবে। কর্মকর্তাদের মতে, চলতি বছরে প্রবল বৃষ্টির জেরে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল ধরেছে। কিন্তু সমস্যা এতটাই গভীর যে আংশিক মেরামতি যথেষ্ট নয়। তাই পুরো স্টেশন গুঁড়িয়ে নতুন করে নির্মাণের পথে হাঁটছে কলকাতা মেট্রো। বাজেট, প্রায় ৯ কোটি ৪২ লক্ষ টাকা।

গত সোমবার থেকেই বন্ধ ‘কবি সুভাষ’ স্টেশনের মেট্রো পরিষেবা। আপাতত শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্তই চলবে ট্রেন। ফলে প্রতিদিনের অফিসযাত্রী থেকে শুরু করে নিউ গড়িয়া ও আশপাশের বিস্তীর্ণ এলাকার বহু যাত্রী কার্যত বিপাকে পড়েছেন। মেট্রো সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষ স্টেশনে রয়েছে মোট ২১টি পিলার। এর মধ্যে অন্তত ৪টিতে ধরা পড়েছে গভীর ফাটল। বাকি কয়েকটিও চিড় খেয়েছে। একই সঙ্গে প্ল্যাটফর্ম, ছাদ, দেওয়াল, এমনকি ড্রেনেজ ব্যবস্থাও আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে। মেট্রো রেল জানিয়েছে, যাত্রী সুরক্ষার প্রশ্নে কোনও ঝুঁকি নেওয়া হবে না। স্টেশনের ভগ্নদশা দেখে অভ্যন্তরীণ তদন্তে রেলের পরামর্শ, ‘পুরো নির্মাণটাই নতুন করে হোক’। যদিও, ইতিমধ্যেই কিছু আংশিক মেরামতির কাজ শুরু হয়েছে। তবে কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এ কাজ ১-২ মাসে শেষ হওয়ার নয়। সম্পূর্ণ নির্মাণ শেষ হতে সময় লাগবে অন্তত ৭-৮ মাস। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই পুনরায় চালু হবে স্টেশন।

খুব বেশি দিনের পুরনো নয় গড়িয়ার ‘কবি সুভাষ মেট্রো’ স্টেশন। দীর্ঘ টালবাহানা ও জটিলতার পর ২০১০ সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল সেটি। তাহলে এত তাড়াতাড়ি কীভাবে করুণ অবস্থা হতে পারে স্টেশনটির, প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে, রক্ষণাবেক্ষণ ও নজরদারির ঘাটতি নিয়ে। কলকাতা মেট্রোর বিরুদ্ধে যাত্রীসাধারণের এ অভিযোগ দীর্ঘদিনের। বহুদিন ধরে কর্মী-সংকটেও ভুগছে মেট্রোসংস্থা। অনুমোদিত সংখ্যার তুলনায় প্রায় ৪০ শতাংশ কর্মী কম বলেই সূত্রের খবর। ফলে রক্ষণাবেক্ষণের কাজে ভাঁটা পড়ছে। গত এক বছরে শহরের একাধিক মেট্রো স্টেশনে নজিরবিহীন ঘটনা ঘটেছে। পার্ক স্ট্রিটে প্ল্যাটফর্মে জল ঢোকা, সেন্ট্রাল ও চাঁদনি চক স্টেশনের মাঝে ট্র্যাকে ঝর্ণার মতো জল পড়া, কবি নজরুলে ঝড়ে ছাদ উড়ে যাওয়া, এবার সে তালিকায় যুক্ত হল কবি সুভাষ মেট্রো স্টেশনের ফাটল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!