- দে । শ
- আগস্ট ১, ২০২৩
খাস কলকাতায় ৪ লাখ টাকায় সন্তান বিক্রি! ধৃত সন্তানের মা ও ক্রেতা সহ ৬
কলকাতায় সন্তান বিক্রির অভিযোগে ধৃত ৬। রূপালি মণ্ডল নামে এক মহিলা তাঁর ২১ দিনের শিশুকন্যাকে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ। ২১ দিনের এই শিশুকে কল্যাণী গুহ নামে মেদিনীপুরের এক মহিলার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কল্যাণী গুহর বাড়ি মেদিনীপুরে হলেও কলকাতাতেও তাঁর একটি অস্থায়ী ঠিকানা ছিল। রূপালি তাঁর মেয়েকে চারজন মিডলম্যান মারফত কল্যাণীর কাছে বিক্রি করে দিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
বিষয়টি নিয়ে কিছুদিন আগে আনন্দপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতিমধ্যেই ছয় জনকে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ। ঘটনায় শিশু পাচারের অভিযোগে মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ।
রূপালি মণ্ডলের বাড়ি আনন্দপুরের ১১৬ নোনাডাঙা রেল কলোনি এলাকায়। আর কল্যাণী গুহর কলকাতার ঠিকানা পর্ণশ্রী থানার সাতগ্রাম এলাকায়। এই দু’জনকেই ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, চার লাখ টাকায় ওই ছোট্ট মেয়েটিকে বিক্রি করে দেওয়া হয়েছে কল্যাণীর কাছে।
এখন প্রশ্ন, আনন্দপুরের রূপালির সন্তান কীভাবে বিক্রি হল পর্ণশ্রীর কল্যণীর কাছে? তদন্তে নেমে পুলিশ জানতে পারে, একাধিক মিডলম্যান জড়িত রয়েছে এই ঘটনায়। পাটুলির রূপা দাস, স্বপ্না সর্দার,হরিদেবপুরের পূর্ণিমা কুণ্ডু ও বেহালার লালতি দে’র মারফত ছোট্ট ওই শিশুটি হাতবদল হতে হতে কল্যাণী গুহর কাছে পৌঁছয়। এই চারজন মিডলম্যানকেও পাকড়াও করেছে পুলিশ। এই হাতবদল হওয়ার নেপথ্যে একটি বড় র্যাকেট থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। কীভাবে ওই মিডলম্যানদের সঙ্গে রূপালি ও কল্যাণীর যোগাযোগ হল, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই সব দিকগুলি খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। তবে সূত্রের মাধ্যমে জানা গেছে আনন্দপুর এলাকায় একটি আইভিএফ সেন্টারে ক্যাল্যাণী তাঁর স্বামীকে নিয়ে এসেছিলেন সন্তানের জন্য। তখন কল্যাণীকে রূপালি বলেন, এতো কিছুর প্রয়োজন নেই চার থেকে সাড়ে চার লাখ টাকা দিলেই একটি শিশু তাঁরা পেয়ে যাবেন। তারপরই ২১ দিনের শিশুটিকে রূপালি কল্যাণীকে দিয়ে দেয়।
❤ Support Us






