Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৩, ২০২৪

কলকাতায় এসে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিস্ফোরক অনুরাগ, পাল্টা তোপ তৃণমূলের

আরম্ভ ওয়েব ডেস্ক
কলকাতায় এসে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিস্ফোরক অনুরাগ, পাল্টা তোপ তৃণমূলের

কলকাতায় এসে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। সন্দেশখালিতে ইডির উপর হামলা নিয়ে তিনি রাজ্যের বিরুদ্ধে সরব হলেন। অনুরাগ ঠাকুর শনিবার বলেন, “বাংলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়ংকর। রাজ্য সরকার দুর্নীতিগ্রস্ত ও অপরাধীদের আশ্রয় দেয়। বাংলায় যা হয়, সারা দেশে তা হয় না।” কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদ করে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন,  “তৃণমূলকে গালি না দিলে বিজেপির ভাত হজম হয় না। আগে মণিপুর দেখুন. তার পর বাংলার কথা বলবেন।”

গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে অভিযান চালিয়েছিল ইডি। অভিযোগ, সেখানে স্থানীয়দের হাতে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সন্দেশখালির এই ঘটনাকে “নজিরবিহীন” বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। এই ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করে অনুরাগ বলেন, “দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পদক্ষেপ করলেই আক্রমণের মুখে পড়তে হচ্ছে ইডিকে। বাংলার আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। কেন রাজ্য সরকার দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে চাইছে?” সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী বলেন,  “সাংসদ-বিধায়ক-কাউন্সিলরদের উপর থেকে কি রাশ আলগা হচ্ছে মুখ্যমন্ত্রীর? নাকি তাঁর নির্দেশেই গুন্ডারা তদন্তকারীদের উপর ঝাঁপিয়ে পড়ছে? তবে কি মুখ্যমন্ত্রীই লুঠের নির্দেশ দিচ্ছেন?”

অনুরাগের এই মন্তব্যের উত্তরে তৃণমূলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, “অনুরাগ ঠাকুর একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে অসংসদীয় ভাষায় স্লোগান দিয়েছিলেন, তারপর দিল্লিতে অশান্তি কোন পর্যায় পৌঁছেছিল সেটা দেশের মানুষ জানেন। তাই অনুরাগ ঠাকুরের বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে কথা না বলাই ভালো।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!