- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৪, ২০২৪
ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব আইন মানব না, স্পষ্ট ঘোষণা বিমান বসুর। ফ্রন্টের প্ৰথম তালিকায় ঘোষিত ১৬। নতুন মুখ ১৪। মহিলা তিন
বৃহস্পতিবার বিকেলে প্রথম দফায় ১৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বামফ্রন্ট । আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কোচবিহার, জলপাইগুড়ি, বালুরঘাট, কৃষ্ণনগর, দমদম, যাদবপুর,কলকাতা দক্ষিণ, হাওড়া, শ্রীরামপুর,হুগলি, তমলুক, মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান পূর্ব, আসানসোল আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন । এর মধ্যে সিপিএমের ১৩টি আসন ও শরিকদের ৩টি ।
বামফ্রন্টের প্রাথমিক তালিকায় ১৪জনই নতুন মুখ, যাঁরা প্ৰথমবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন । ঘোষিত ষোলো জনের মধ্যে তিনজন মহিলা । কলকাতা দক্ষিণে সিপিএমের মহিলা প্রার্থী সায়রা শাহ হালিম । শ্রীরামপুরে দীপ্সিতা ধর এবং আসানসোলে জাহানারা খান । শরিকদের তিনটি আসনে কোচবিহার থেকে লড়বেন ফরওয়ার্ড ব্লকের নীতীশচন্দ্র রায় । বালুরঘাটে আরএসপির জয়দেব সিদ্ধান্ত, মেদিনীপুরে লড়বেন সিপিআইয়ের বিপ্লব ভট্ট ।
দমদম থেকে প্রার্থী হচ্ছেন সুজন চক্রবর্তী, যাদবপুরে সৃজন ভট্টাচার্য, হাওড়ায় সব্যসাচী চট্টোপাধ্যায়, হুগলি থেকে দাঁড়াচ্ছেন মনোদীপ ঘোষ । তমলুকে লড়বেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, বর্ধমান পূর্বে নীরব খাঁকে প্রার্থী করেছে সিপিএম। কৃষ্ণনগরে এসএম সাদি, বাঁকুড়ায় নীলাঞ্জন দাশগুপ্ত, বিষ্ণপুরে শীতল কৈবদ্য, জলপাইগুড়িতে দেবরাজ বর্মন সিএমএর হয়ে লোকসভায় প্রতিদ্বন্দিতা করবেন ।
সিপিএমের সঙ্গে কথা চলাকালীনই বৃহস্পতিবার আইএসএফ ঘোষণা করে দিয়েছে, তারা আটটি আসনে লড়বে । যাদবপুরেও তারা প্রার্থী দিয়েছে । এবিষয়ে বামফ্রন্টের চেয়ারম্যান স্পষ্ট বলেছেন আইএসএফের ঘোষণার দায় তাঁরা নেবেন না । তিনি বলেন আসন সমঝোতা সম্পূর্ণ না করেই একতরফা ভাবে আইএসএফ প্রার্থী তালিকা ঘোষণা করেছে । পাশাপাশি তিনি বলেন, লোকসভা নির্বাচনে বিজেপি এবং তূণমূল দুজনের বিরুদ্ধেই তাঁদের লড়াই । জাতীয়স্তরে তারা ইন্ডিয়া জোটের সঙ্গে আছেন । এপ্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমান বসু বলেন, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনো চলছে,সিপিএমএর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তাঁদের সঙ্গে কথা বলছেন, বাস্তবসম্মত প্রস্তাব হাত শিবিরের কাছ থেকে এলে বিবেচনা করা হবে । শনিবার এনিয়ে আবার আলোচনায় বসবে বামফ্রন্ট ।
এদিনের সাংবাদিক সম্মেলন থেকেই দেশ জুড়ে লাগু হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করেছেন বিমান বসু । তিনি বলেন, ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকত্ব আইন হতে পারে না । জাত, ধর্ম, বর্ণের প্রশ্নে আমরা এই আইনের বিরোধিতা করছি, কেউ কেউ এই আইনকে ঘিরে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন, আমরা তারও বিরোধিতা করছি ।
❤ Support Us






