Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৬, ২০২৩

বোসকে ধ্যানের পরামর্শ, ধনখড়ের প্রশংসায় বিমান

আরম্ভ ওয়েব ডেস্ক
বোসকে ধ্যানের পরামর্শ, ধনখড়ের প্রশংসায় বিমান

রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে মেডিটেশন করার পরামর্শ দিয়ে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ও বর্তমান উপরাষ্ট্রপতির জগদীপ ধনখড়ের প্রশংসা করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বলেন, ‘’আগের রাজ্যপাল এখন দেশের উপরাষ্ট্রপতি। তবুও তিনি ফোন ধরেন। কিন্তু বর্তমান রাজ্যপাল সরাসরি কোনও ফোন ধরেন না। তিনি ফোন ধরান ওসডিকে দিয়ে।’’

এই মুহূর্তে উপাচার্য নিয়োগ সহ নানা ইস্যুতে রাজ্যপালের সঙ্গে রাজ্যের চরম সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে আবার পঞ্চায়তে নিবার্চনে হিংসা কবলিত এলাকায় সশরীরে হাজির হয়েছেন রাজ্যপাল। তিনি কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। এমন কী একটি কন্ট্রোলরুমও চালু করেছেন রাজভবনে, যার নাম দেন পিস রুম। রাজ্যপালের এই ভুমিকায় খুব স্বাভাবিক কারণেই ‘অস্বস্তি’ শুরু হয়েছে শাসকদলে। সেই অস্বস্তির সুরই ঝরে পড়ল বিমান বন্দ্যোপাধ্যায়ের গলায়।

রাজ্যপালের এই ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করে বিধানসভার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘’রাজ্যপাল যা করছেন সেটা ওঁর করার কথা নয়। কেন করছেন সেটা উনিই জানেন। এসব ওঁর এক্রিয়ারের বিষয়ই নয়। কেন উনি করছেন তা উনিই জানেন। ‘’

বিমান বন্দ্যোপাধ্যায় আরও বলেন,”উনি তো সাংবাদিক বৈঠক করছেন। সেটা ওঁকেই জিজ্ঞাসা করা উচিত। মণিপুর তো জ্বলছে., সেখানকার অবস্থা সম্পর্কে দুচারটে বিবৃতি দিন না। প্রধানমন্ত্রী বলুন না কেন সেখানে এই অবস্থা , কেন বলছেন না?”

রাজ্যে অশান্তি প্রসঙ্গে বলতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ বলেন, ‘’শান্তিপূর্ণ নির্বাচনও তো হচ্ছে। আমরা প্রচার করছি। বিরোধীরাও প্রচার করছে। বিরোধীরা সভা করছে। দু-একটা ছোট ঘটনা ঘটছে। এর আগে অনেক বেশি হতো। এখন একটা ছোট ঘটনা ঘটলেও মিডিয়া বড় করে দেখায়। আজকাল তো সবার হাতে মোবাইল কোথাও পোস্ট করে দিল। সংবাদমাধ্যমে সারাদিন শুধু সেই খবর দেখানো হয়। সারা বাংলায় তা ঘটছে না।’’

পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গ স্পিকার আরও বলেন,”অনেকেই অশান্তিতে উস্কানি দিচ্ছেন। গণ্ডগোল পাকানোর পরিকল্পনা হচ্ছে। সেগুলো আগে থামানোর ব্যবস্থা করতে হবে। ”

রাজ্যে অশান্তি শুরু হওয়ার পর থেকে রাজভবনে পিসরুম খোলেন রাজ্যপাল। তা নিয়ে বলতে গিয়ে স্পিকার বলেন,”পিসরুম নিয়ে আমার কিছু বলার নেই। উনি বরং রাজভবনে শান্তি বজায় রাখুন। আমার মনে হয় ওঁর মন অশান্ত হয়ে গিয়েছে। তাই ওখানে শান্তিরুম তৈরি করেছেন। ওর মেডিটেশন করা উচিত।”
তবে যে যাই বলুন, বাস্তব বলছে, গত ২৯ দিনে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে, এখনও ভোট হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!