Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ৭, ২০২২

আজ থেকে শুরু মাধ্যমিক, পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতার টুইট

সোমবার সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলিতে কড়া সতর্কতা। মূলত কোভিড বিধিকে মাথায় রেখেই কীভাবে গোটা প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়েই বিশেষ নজর দিচ্ছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

আরম্ভ ওয়েব ডেস্ক
আজ থেকে শুরু মাধ্যমিক, পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতার টুইট

আজ থেকে শুরু হল মাধ্যমিক। চলবে ১৬ তারিখ পর্যন্ত। সোমবার বেলা ১১.৪৫ মিনিটে শুরু হবে পরীক্ষা। প্রশ্নপত্র পড়ার জন্য পড়ুয়ারা সময় পাবে ১৫ মিনিট। দুপুর ১২টা থেকে শুরু করা যাবে উত্তর লেখা। । পরীক্ষা শেষ হবে বিকেল ৩টেয়। ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষাই হয়নি। বিনা পরীক্ষায় পাশ করে যায় সব ছাত্রছাত্রীই। এবার সমস্ত নিয়ম মেনে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে অফলাইনে। এবছর এক লাফে ৫০ হাজার বেড়েছে মাধ্যমিক পরীক্ষার্থী। রাজ্যে এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ১১.২৭ লক্ষ। ৬.২৭ লক্ষ ছাত্রী ও ৫.৫৯ লক্ষ ছাত্র। ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা এবারও বেশি। রাজ্যে মোট পরীক্ষাকেন্দ্র ৪ হাজার ১৫৪টি।
রাজ্যের একাধিক এলাকায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। মূলত মাধ্যমিক সেন্টারগুলির আশেপাশের এলাকাগুলিতে জ্যামার লাগিয়ে দেওয়া হবে। তাতে যতক্ষণ পরীক্ষা চলবে, ততক্ষণ বন্ধ থাকবে নেট পরিষেবা।

প্রত্যেক পরীক্ষাকেন্দ্রগুলিতে যথাযথ করোনা বিধি মানা হয়েছে।শিক্ষার্থীদের  স্যানিটাইজেশন করে, মাস্ক পরেই বসতে হবে পরীক্ষায়। পর্ষদের তরফ থেকে স্পর্শকাতর এলাকাগুলিকে চিহ্নিত করা হয়েছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম ও দার্জিলিঙের পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকাগুলিতে বন্ধ থাকবে মোবাইলের ইন্টারনেট পরিষেবা। কোন কোন দিন নেট বন্ধ থাকবে বিজ্ঞপ্তি প্রকাশ করে, সেটাও জানিয়ে দিয়েছে পর্ষদ।সোমবার সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলিতে কড়া সতর্কতা। মূলত কোভিড বিধিকে মাথায় রেখেই কীভাবে গোটা প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়েই বিশেষ নজর দিচ্ছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, ‘২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা। এটা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। আত্মবিশ্বাসী থেকো, সাফল্য তোমরা পাবেই। এত বড় কাজে সকলের সাহায্যের আবেদন জানাই। আমার প্রিয় শিক্ষার্থীদের শুভকামনা।’

পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকছে আইসলেশনের ব্যবস্থা। যদি কোনও পরীক্ষার্থী অসুস্থ অবস্থায় পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন, সেক্ষেত্রে তাঁকে সেই আইসোলেশন রুমে বসে পরীক্ষা দিতে হবে।পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীদের যাতে কোনও রকমের অসুবিধের মুখে পড়তে না হয়, তার জন্য পরীক্ষার দিনগুলিতে শহরে যান চলাচল নিয়ন্ত্রন করা হবে বলেও কলকাতা পুলিশের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষার দিনগুলিতে, সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের ভিতরে পণ্যবাহী যানচলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!