- দে । শ
- আগস্ট ৪, ২০২৫
বন্যা দুর্গতদের পাশে মন্ত্রী অরূপ বিশ্বাস
অতিবৃষ্টি আর ডিভিসির বেলাগাম জল ছাড়ার পরিণতি। পূর্ব বর্ধমানের রায়না ২নং অঞ্চলের আদমপুর ও কামারগোড় গ্রামে বন্যা পরিস্থিতি। খোলা হয়েছে ত্রাণ শিবির। রবিবার পরিস্থিতি সরজমিনে দেখতে আসেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। আদমপুর পৌঁছে তিনি ত্রাণ শিবির পরিদর্শন করেন। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষজনকে নিজের হাতে খাবার পরিবেশন করেন। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূল সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলাশাসক আয়েশা রানি এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস, জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান প্রমুখ। মন্ত্রী অরূপ বিশ্বাস দুর্গত মানুষজনের হাতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তুলে দেন। তিনি বলেন, ‘যেভাবে ডিভিসি রাজ্যের সঙ্গে কোনরকম আলোচনা ছাড়াই জল ছেড়ে দিচ্ছে, তাতে মানুষজনের দুর্ভোগ বাড়ছে।’ দুর্গতদের সমবেদনা জানিয়ে বলেন, ‘জল ছাড়ার কারণে যেসব মানুষদের ঘর ছাড়া করা হয়েছে, যারা বাধ্য হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, তারাই বিজেপিকে রাজ্য ছাড়া করবে।’ জল ছাড়ার কারণে চাষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অরূপবাবু এলাকার কৃষকদের হাতে শস্য বিমার ফর্মও তুলে দেন। দুর্গত মানুষজনের সঙ্গে কথা বলেন। ত্রাণ শিবিরে তাঁদের খাওয়াদাওয়া বা অন্য কোনও অসুবিধা হচ্ছে কিনা খোঁজ নেন। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া এক সদ্য মাতৃহারার পাশে দাঁড়াতে জেলাশাসককে বলেন, সমব্যথী প্রকল্পে সাহায্যের ব্যবস্থা করতে। এদিকে অরূপবাবু রায়নায় আসার সময় জামালপুরের মশাগ্রামের আঝাপুর হাইওয়ের চৌমাথায় তাঁকে স্বাগত জানান জামালপুর ব্লক তৃণমূল সভাপতি মেহমুদ খান।
❤ Support Us






