- দে । শ
- নভেম্বর ৮, ২০২৫
ধর্মের আড়ালে ৩৫ লাখ প্রতারণা, তদন্ত শুরু পুলিশের
কোলে গোপাল। মুখে হরি। আর তলায় তলায় লাখ লাখ টাকা চুরি। অভিযোগ পেয়ে উপাসনা তেওয়ারি ও তার মেয়ে শুক্লা ভকতের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধর্মের ভেক ধরে প্রতারণার নয়া ছক পেতেছিল কাটোয়ার মণ্ডলহাটের বারুজীবী পল্লীর বাসিন্দা ওই মা-মেয়ে। টার্গেট করেছিলেন কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোটের বিভিন্ন বৈষ্ণব তীর্থগুলি। গলায় হরিকাঠের মালা, কোলে নাড়ুগোপালের বিগ্রহ নিয়ে বৈষ্ণব তীর্থে আসা ভক্তদের নানান প্রলোভন দেখিয়ে টাকা আদায় করতেন। বিশ্বাসযোগ্যতা বাড়াতে প্রভাবশালীদের সঙ্গে নিজেদের ছবি দেখাতেন।
জানা গেল, কোনো ভক্তকে বৃন্দাবনে বাড়ি কিনে দেওয়ার টোপ দিতেন। কাউকে রেলে চাকরি, কাউকে মোটা টাকা ঋণ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা তুলতেন দুজনে। কাটোয়ার চর পানুহাটের বধূ অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্বাতী মণ্ডল কাটোয়া থানায় লিখিত অভিযোগে জানান, মা-মেয়ে আমার সঙ্গে ভাব জমিয়ে বৃন্দাবনে বাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ লাখ ৩০ হাজার টাকা নিয়েছেন। আর ওদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তাই পুলিশের দ্বারস্থ হয়েছি। স্বাতীর অভিযোগের খবর ছড়াতেই অনেক ‘প্রতারিতই’ টাকা ফেরাতে পুলিশের শরণাপন্ন হয়েছেন। সব মিলিয়ে প্রায় ৩৫ লাখ টাকা হাতানোর অভিযোগ উঠেছে মা-মেয়ের বিরুদ্ধে।
❤ Support Us





