Advertisement
  • দে । শ
  • মে ৩০, ২০২৫

রাজ্যসভার সাংসদদের জন্য এবার প্রযুক্তি-উপহার

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যসভার সাংসদদের জন্য এবার প্রযুক্তি-উপহার

রাজ্যসভার সাংসদদের জন্য আসছে একগুচ্ছ আধুনিক প্রযুক্তি-উপহার। স্মার্ট টেলিভিশন, প্রজেক্টর, স্মার্ট ঘড়ি, এমনকি তারবিহীন এয়ারফোন—সবই এবার থেকে সাংসদদের তালিকাভুক্ত প্রাপ্য বিষয়। ‘কম্পিউটার সরঞ্জামের আর্থিক প্রাপ্যতা প্রকল্প’-এর অধীনে এই সুবিধা মিলবে। সম্প্রতি সংসদের একটি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংসদ সদস্যদের দৈনন্দিন কাজ আরো দ্রুত, আরো কার্যকর করে তুলতেই ২০০৮ সালের ‘রাজ্যসভার সদস্য ও আধিকারিকদের জন্য কম্পিউটার সরঞ্জাম বিধি’-র আওতায় এই প্রকল্প কার্যকর হয়েছে। এত দিন পর্যন্ত সাংসদদের ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, বিদ্যুৎ ব্যাকআপ যন্ত্র আর স্মার্ট ফোন দেওয়া হত। এবার সে তালিকায় যোগ হয়েছে আরও অত্যাধুনিক যন্ত্রপাতি।

প্রকল্পের শর্তানুযায়ী, যাঁরা ৩ বছরের বেশি মেয়াদের জন্য রাজ্যসভায় নির্বাচিত বা মনোনীত হয়েছেন, তাঁদের জন্য সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা বরাদ্দ থাকছে। ৩ বছরের কম মেয়াদের জন্য নির্বাচিত হলে প্রাপ্য দেড় লক্ষ টাকা। আবার তিন বছর পূর্ণ হওয়ার পর, যদি সাংসদের অন্তত ৬ মাসের মেয়াদ বাকি থাকে, তা হলে অতিরিক্ত ১ লক্ষ টাকার সুবিধা মিলবে। তবে শর্ত একটাই—প্রত্যেক সাংসদকে নিজের টাকায় এই সমস্ত যন্ত্রপাতি কিনে তার আসল বিল সংসদ সচিবালয়ে জমা দিতে হবে। বিল যাচাই হওয়ার পরেই দেওয়া হবে খরচের অর্থ। প্রযুক্তির নতুন সংযোজন রাজ্যসভার কাজকর্ম কতটা আধুনিক করে তুলবে, আদেও সঠিকভাবে অর্থ ব্যয় হবে কি না, সংসদ ভবনের অলিন্দে চলছে গুঞ্জন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!