- দে । শ
- জুলাই ৭, ২০২৫
আইনের উর্ধ্বে কেউ নয়, কসবা আইন কলেজ নিয়ে মন্তব্য রাজ্যপালের। শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ বোসের
কসবা আইন কলেজের ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় অবশেষে নীরবতা ভাঙলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছাত্রছাত্রীদের সুরক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, নবজাগরণে বাংলার ঐতিহ্য হল নেতৃত্বদানের। মনে রাখতে হবে কেউই কিন্তু আইনের উর্ধ্বে কেউ নয়।
রাজভবনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “কসবার আইন কলেজের ঘটনার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছাত্রছাত্রীদের স্বার্থরক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে । বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা প্রতিটি কলেজকে কঠোর নিয়মকানুন অনুসারে পরিচালনা করতে হবে । কলেজগুলিতে যাতে কোনওরকম ভয় এবং পক্ষপাতিত্বের গুরুত্বের প্রধান্য না-থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে ৷”
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, “রাজ্যপাল মনে করেন, শিক্ষা কেবল কর্মসংস্থানের পথই নয় ৷ বরং সভ্যতা, সামাজিক শিষ্টাচার, সহনশীলতা, শ্রদ্ধা এবং দায়িত্বশীল আচরণের জন্মস্থান হল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মানসিক বুদ্ধিমত্তা, সহানুভূতি এবং সমস্যা সমাধানের ক্ষমতা অর্জনের সহায়ক। শ্রদ্ধাশীল সমাজের ভিত্তি স্থাপন করে।”
কসবা আইন কলেজের গণ ধর্ষণের ঘটনা নিয়ে বলতে গিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষায় ঐতিহ্যের কথা উল্লেখ করে রাজ্যপাল বলেছেন, “উন্নত ও মানসম্মত শিক্ষা প্রদানে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভূমিকা আছে।” এই নিয়ম নীতি রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজে সমানভাবে প্রযোজ্য । পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য, যা একসময় ভারতীয় নবজাগরণের নেতৃত্ব দিয়েছিল । ন্যায়বিচার, সাম্য, স্বাধীনতা এবং সম্প্রীতির জন্য গণ আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল এবং ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিল।”
সিভি আনন্দ বোস ব্রিটিশ ঐতিহাসিক টমাস ফুলারের একটি বিখ্যাত উক্তি টেনে বলেন, “তোমরা কখনও এত উঁচুতে উঠতে পারবে না ৷ আইন তোমাদের উপরে থাকবে।” আইনের কথা মাথায় রেখে তিনি শিক্ষার্থীদের ভয় ছাড়াই পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শিক্ষার অগ্রগতি ব্যাহত করার প্রতিটি প্রচেষ্টা প্রত্যাখ্যান করার জন্য সমাজের প্রতিটি স্তরের কাছে তিনি আহ্বান জানান । সেই সঙ্গে, আইন কলেজের দুর্ভাগ্যজনক ঘটনায় দ্রুত তদন্ত সম্পন্ন করারও নির্দেশ দেন ৷
❤ Support Us






