- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৫, ২০২৩
“উপমুখ্যমন্ত্রী হওয়ার অফার দিয়েছিল, তাও ছেড়ে এসেছি। তৃণমূল আমার কোনও পদ কাড়েনি, এগরার সভা থেকে বিস্ফোরক শুভেন্দু
আবার তৃণমূল ছাড়া নিয়ে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। বুধবার এগরার পঞ্চায়েত নির্বাচনের সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, “উপমুখ্যমন্ত্রী হওয়ার অফার দিয়েছিল, তাও ছেড়ে এসেছি। তৃণমূল আমার কোনও পদ কাড়েনি। মন্ত্রিত্ব, চেয়ারম্যানশিপ সব ছিল, ছেড়ে এসেছি। আর পারছিলাম না, তাই ছেড়ে এসেছি। ২০২০ সালের ১ ডিসেম্বর উপমুখ্যমন্ত্রী হওয়ার অফার দিয়েছিল। আমি সব উপেক্ষা করে এসেছি।”
মুখ্যমন্ত্রীর সতীর্থ ছিলেন তিনি। তবে এখন সে সব পাঠ চুকেছে। তৃণমূলের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক এখন বিরোধী দলনেতার। রাজনৈতিক তিক্ততা বেড়েছেন। দু-পক্ষই এখন যুযুধান। ছেড়ে আসা দলের নেতানেত্রীর সঙ্গে শুভেন্দুর এখন বাকযুদ্ধও লেগেই রয়েছে। একসময়ে শুভেন্দু অধিকারী রাজ্যের তিনটে মন্ত্রীত্ব পদ ছেড়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। রাজ্য রাজনীতিতে সাড়া ফেলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম বিধানসভায় পরাজিত করে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছেন। আজ আবার সেই পুরোনো রাজনীতির ঘর নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটের আগে কেন হঠাৎ এই মন্তব্য? তা নিয়েই ফের জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
এদিকে শুভেন্দুর এই বক্তব্যের পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু যা বলছেন তার কোনও কথাই ঠিক নয়। তিনি দলের পদ চাইতেন। তাঁকে কখনও উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য অফার দল দেয়নি।”
এদিকে শুভেন্দু অধিকারী বলছেন, দল ছাড়ার আগে তাঁর সঙ্গে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন সৌগত রায়ের ফোন থেকে। এ ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর কথা বলেছেন। তবে তিনি করোও কথা না শুনে নিজেই তৃণমূলের সব পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
❤ Support Us







