Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৬, ২০২৩

আবারও রক্তাক্ত বীরভূম, মুর্শিদাবাদ। মহম্মদবাজারের হিংলোয় বিজেপি কর্মীর দেহ উদ্ধার, বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত ১ । পাঞ্চায়েত নির্বাচন ঘিরে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু

আরম্ভ ওয়েব ডেস্ক
আবারও রক্তাক্ত বীরভূম, মুর্শিদাবাদ। মহম্মদবাজারের হিংলোয় বিজেপি কর্মীর দেহ উদ্ধার, বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত ১ । পাঞ্চায়েত নির্বাচন ঘিরে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু

অশান্তিকে সঙ্গী করেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে । ভোট পর্বে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হল । এই পরিস্থিতিতে নির্বাচনের দিন কী হবে তা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে ।

এবার হত্যার ঘটনা ঘটল বীরভূমে । খুন হলেন নির্দল প্রার্থীর স্বামী । নিহতের নাম দিলীপ মাহারা, তাঁর স্ত্রী ছবি মাহারার দাবি তাঁর স্বামী বিজেপি কর্মী । বৃহস্পতিবার সকালে মহম্মদবাজারের হিংলো অঞ্চলের সেরেন্ডা গ্রাম খেকে ওই বিজেপি কর্মীর দেহ উদ্ধার করা হয়েছে । তাঁর স্ত্রী ছবি মাহারা নির্দল প্রার্থী হিসাবে এবার ভোটে লড়ছেন । প্রথমে তিনি বিজেপি প্রার্থী হিসাবেই মনোনয়নপত্র দাখিল করেছিলেন । কিন্তু বিজেপি পরে তাঁকে টিকিট দেয়নি বলে দাবি করেন ছবি মাহারা । তারপর তিনি নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন ।

নিহত দিলীপ মাহারার স্ত্রীর দাবি, ‘‘বিকেল সাড়ে ৪টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁর স্বামী । রাত ৮টার সময় ফোনে কথা হয়েছিল । তার পর থেকে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ ছিল না । সকালে জানতে পারি যে দেহ পড়ে রয়েছে । মৃত দিলীপ মাহারার পুত্র উৎপল মাহারা বলেন, ‘‘রাত ৯টার পর থেকে বাবার আর কোনও খোঁজ পাইনি। কালী বন্দ্যোপাধ্যায়ের লোকেরাই বাবাকে মেরেছে । ওঁকে গ্রেফতার করা হোক । ওঁর শাস্তি চাই । তদন্ত করা হোক ।’’

এদিকে মৃত দিলীপ মাহারার স্ত্রী ও পুত্রের অভিযোগের পাল্টা বীরভূমে তৃণমূলের জয়েন্ট কনভেনর কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘নিহত বিজেপি কর্মীর স্ত্রী নির্দল প্রার্থী । তৃণমূল মারামারির রাজনীতি করে না । নিজেদের মধ্যে গোলমালের ফল । আমাদের কোনও কর্মী এই খুনের ঘটনায় যুক্ত নয়।’’ এই প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘নির্দল প্রার্থীর স্বামী উনি। ফায়দা তোলার জন্য রাজনীতি করছে বিজেপি। তদন্ত করে দেখা হোক।’’

অন্যদিকে বৃহস্পতিবার মুর্শিদাবাদের বেলডাঙার মহেশপুর এলাকায় একটি মাঠ থেকে একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তির নাম কামাল শেখ, বয়স ৪৯ বছর । বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণে ওই ব্যক্তির হাত উড়ে যায় ও মুখ ঝলসে গিয়েছে ।
পরিবারের সূত্রে খবর, বেলডাঙা থানার ভাবতা ১ গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামের বাসিন্দা কামাল শ্রমিকের কাজ করত। বুধবার রাতে তাঁকে কে বা কারা ডেকে নিয়ে গিয়েছিল। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে মাঠের মধ্যে কামালের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজনেরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় বেলডাঙা থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, গত সোমবার রাতে বেলডাঙ্গার বেগুনবাড়ি এলাকা থেকে ১১০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ । বৃহস্পতিবার সেই বোমা বানাতে গিয়েই কি মৃত্যু হল এই ব্যক্তির । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বোমা তৈরির মসলা সহ সরঞ্জাম । পঞ্চায়েত নির্বাচনের একদিন আগে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

এদিকে এই বোমা বিস্ফোরণের ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, মৃত কামাল শেখ কংগ্রেস কর্মী। অন্যদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, তৃণমূল কর্মীরা ভোটের দিন অশান্তি করবে বলেই বোমা বানাচ্ছিল। কংগ্রেস এসব করে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!