Advertisement
  • দে । শ
  • মে ১৬, ২০২৫

বিদ্যুৎ পরিষেবা না পেয়ে পথ অবরোধ বসিরহাটে

আরম্ভ ওয়েব ডেস্ক
বিদ্যুৎ পরিষেবা না পেয়ে পথ অবরোধ বসিরহাটে

তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে বসিরহাটের কয়েকটি গ্রামে। প্রতিবাদে পথে নামলেন বসিরহাটের পিফা, পাইকপাড়া, ট্যাঁটরা এলাকার মানুষ। আজ, শুক্রবার একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন ওইসব এলাকার মানুষ। অভিযোগ, দিনের বেশিরভাগ সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে চরম দুর্ভোগ পোহাতে এলাকার বাসিন্দাদের। দিনে ১৩ থেকে ১৪ ঘন্টা এলাকায় বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ দপ্তরকে বারবার জানিয়েও কোন সুরাহ না হওয়ায় বিদ্যুৎ পরিষেবা উন্নত করার দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এদিন সকালে পিফা গ্রামে বসিরহাট–‌মালঞ্চ রোড অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি দেখান তারা। পাশাপাশি এদিন বসিরহাটের পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে ট্যাঁটরা বাজারে মালঞ্চ রোড অবরোধ করেও বিক্ষোভ দেখান ওই এলাকার এলাকার মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, পিফা, ট্যাঁটরা, রামনগর, শ্বেতপুর, আটকড়িয়া সহ প্রায় ১০ গ্রামে গত কয়েক সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা। প্রতিদিন ১৩–‌১৪ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না। শুধু তাই নয়, একটু ঝড়–‌বৃষ্টি হলেই দীর্ঘক্ষন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখা হচ্ছে। ছেলেমেয়েদের পড়াশুনো শিকেয় উঠেছে। তাঁত, সেলাইয়ের মত ক্ষুদ্র শিল্প মার খাচ্ছে।

সমস্যার কথা বারবার বিদ্যুৎ দপ্তরকে এলাকার মানুষেরা জানিয়েছেন। কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই সব গ্রামে তাঁত বুনে , সেলাই সব অনেক ক্ষুদ্র শিল্প রয়েছে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকার ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে শিল্প কারখানার মালিক থেকে শুরু করে শ্রমিকদের। ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়ছেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় একটু দমকা হওয়ার পর থেকে প্রচন্ড তাপদহে শুক্রবার দুপুর পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। তারই প্রতিবাদে বসিরহাটের পিফা, ট্যাঁটরা সহ বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান দলমত নির্বিশেষে সাধারণ গ্রামবাসী। অবরোধের ফলে রাস্তায় তৈরি হয় তীব্র যানজট। খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। আন্দোলনকারীদের তরফে সাইফুল ইসলাম, রাইহানুজ্জামান, শফিকুল ইসলাম বলেন, ‘‌এলাকায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ থাকে না, একটু আকাশে মেঘ করে আসলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় আমাদের। ছেলেমেয়েদের পড়াশুনো শিকেয় উঠেছে। বিদ্যুৎ পরিষেবা উন্নত করার জন্যই আমরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি। এরপরেও যদি এইরকম চলতে থাকে তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো।’‌ অন্যদিকে বিদ্যুৎ দপ্তর এবিষয়ে কোন মন্তব্য করেনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!