- দে । শ প্রচ্ছদ রচনা
- জুলাই ৩১, ২০২৩
প্রধানমন্ত্রীর আসন্ন সফরের পূর্বে আগাম সতর্ক শিণ্ডে প্রশাসন। কংগ্রেসের বিক্ষোভে উত্তাল হতে পারে পুনে, সরানো হল প্রতিবাদী পোস্টার
প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে ঘিরে উত্তপ্ত পুনে। তাঁর নজির দেখা গেল সোমবার। মহারাষ্ট্র যুব কংগ্রেসের কর্মীরা শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবনে দেওয়ালে পোস্টার সেতে দিয়েছেন। যাতে লেখা আছে ‘গো ব্যাক’ শ্লোগান। সেই সঙ্গে তাঁদের দাবি, মণিপুরে হিংসা সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। নাহলে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তাঁরা। পুনে পুলিশ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের আগে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সবরকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আগামীকাল মহারাষ্ট্রের পুনেতে সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , সেই সময় তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানানো হয়েছে, অনুষ্ঠানের পরে তাঁকে লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে ভূষিত করা হবে। তারই প্রাক্কালে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের যুব শাখার পক্ষ থেকে পোস্টারে পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে প্রায় গোটা শহরকে। সেখানে লেখা, ‘গো ব্যাক ক্রাইম মিনিস্টার।’,’প্রধানমন্ত্রী আপনি মণিপুরে যান’, ‘সংসদের আলোচনার মুখোমুখি হন’ ইত্যাদি শ্লোগান। এক্ষেত্রে বলা দরকার, নবগঠিত ‘ইণ্ডিয়া’ জোট বেকারত্ব, মণিপুর সহ দেশের বিভিন্ন অংশে নারী নিগ্রহের ঘটনা নিয়ে সরব। আর তারই প্রধান দল হিসেবে এবার সরাসরি বিক্ষোভ প্রদর্শনের পথে হাঁটল কংগ্রেস নেতারা। পুলিশ অবশ্য পুরসভার সঙ্গে কথা বলে ইতিমধ্যে সমস্ত পোস্টার সরাবার ব্যবস্থা করছে বলে জানা গিয়েছে।
লোকমান্য তিলকের উত্তরাধিকারকে সম্মান জানাতে ১৯৮৩ সালে তিলক স্মারক মন্দির ট্রাস্টের পক্ষ থেকে এই পুরস্কারটি চালু করা হয়েছিল। এ সম্মান সেই সমস্ত ব্যক্তিরাই পান যাঁরা জাতির অগ্রগতি ও উন্নয়নের জন্য কাজ করেছেন এবং যাঁদের অবদান শুধুমাত্র উল্লেখযোগ্য এবং অসাধারণ হিসাবে দেখা যেতে পারে। এটি প্রতি বছর পয়লা আগস্ট লোকমান্য তিলকের মৃত্যুবার্ষিকীতে উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী দাগদুশেঠ মন্দিরে গিয়ে পুজো দেবেন। সকাল ১১টা ৪৫ মিনিটে তাঁকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে। বিকেলে, প্রধানমন্ত্রী মেট্রো ট্রেনের পতাকা উন্মোচন করবেন এবং উদ্বোধন করবেন। এছাড়াও, প্রধানমন্ত্রী মোদী অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এক্ষেত্রে বিক্ষোভকারীদের প্রতিবাদ কর্মসূচি যাতে কোনো বিগ্ন না ঘটায় তাঁর জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।
❤ Support Us





