- দে । শ
- জানুয়ারি ২, ২০২৫
বর্ষবরণের রাতে ৩৪ মদ্যপ বাইক চালককে আটক করলো পুলিশ
কালনা মহকুমায় একের পর এক দুর্ঘটনায় মৃত্যুর হার বাড়লেও হুঁশ ফিরল না বাইক চালকদের। বর্ষবরণের রাতেও মহকুমার বিভিন্ন এলাকায় বেপোরোয়া গতির মদ্যপ বাইক চালকদের দাপট দেখা গেল। এই ঘটনায় ৩৪ জন মদ্যপ বাইক চালককে গ্রেপ্তার করল পুলিশ।
বর্ষবরণ মানেই উদ্দাম আনন্দ। নাচগানের পাশাপাশি চলে খাওয়াদাওয়ার আনন্দও। মদ্যপ অবস্থায় বেপোরোয়া গতির মত্ত বাইক চালকদের চিহ্নিত করতে কখনও ব্রিদ অ্যানালাইজার মেশিন দিয়ে পরীক্ষা করা, কখনও পিছু ধাওয়া করে বাইক চালকদের ধরতে পুলিশকে কড়া পদক্ষেপ নিতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালনা থানার পুলিশ ১০ জনকে, নাদনঘাট থানা ১২ জনকে, পূর্বস্থলী থানা ১০ জন, মন্তেশ্বর থানা ২ জন মদ্যপ বাইক চালক গ্রেপ্তার করেছে। এছাড়াও ট্রাফিক আইন লঙ্ঘনকারী চালকদেরও জরিমানা করেছে বলে জানা গিয়েছে। কালনার এসডিপিও রাকেশ কুমার চৌধুরি জানান, ‘দুর্ঘটনা রুখতে পুলিশের ধারাবাহিক অভিযান চলছে। বেপোরোয়া গতি জেরে কারও যাতে অকালে প্রাণ না যায়, সেই বিষয়ে বারবার সচেতন করা হচ্ছে। নিজের জীবনের মূল্য কতটা সেই বিষয়ে বারবার সকলকে বোঝানো হচ্ছে।’
❤ Support Us





