Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১১, ২০২৫

বেহাল দশা খেয়া ঘাটের, ঝুঁকির যাত্রা হিঙ্গলগঞ্জের বাসিন্দাদের

আরম্ভ ওয়েব ডেস্ক
বেহাল দশা খেয়া ঘাটের, ঝুঁকির যাত্রা হিঙ্গলগঞ্জের বাসিন্দাদের

বেহাল দশা খেয়া ঘাটের। ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে সান্ডেলের বিল, খেজুরবেড়িয়া, বাইলানি, বিশপুর সহ হিঙ্গলগঞ্জের একাধিক গ্রামের মানুষকে। উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ব্লকের সান্ডেলের বিল পঞ্চায়েতের ওপর দিয়ে বয়ে গেছে গৌড়েশ্বর নদী। একদিকে ১১ নম্বর সান্ডেলের বিল অন্যপারে খেজুরবেড়িয়া, বাইলানি, বিশপুর গ্রাম। নদী পারাপারের এই এলাকার মানুষের নিত্যদিনের ব্যাপার। হিঙ্গলগঞ্জ ব্লক অফিস, ব্যাঙ্ক, কলেজ, বিদ্যুৎ দপ্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের কাজে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন ১১ নম্বর সান্ডেলের বিল খেয়াঘাট দিয়ে। কিন্তু দীর্ঘদিন সেই খেয়াঘাটের বেহাল দশা। কংক্রিটের তৈরি ওঠা নামার ঘাট ভেঙে গেছে। সংস্কারের নাম নেই। ওই ভাঙা খেয়াঘাটের ওপর বাঁশের পাটাতন, বিদ্যুতের খুঁটি ফেলে জোড়া তালি দিয়েই দায়িত্ব সেরেছে স্থানীয় পঞ্চায়েত। তাতে আরও বিপদ বেড়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, ভাঁটার সময় কাদায় ভরে যায়। তখন পেতে রাখা বিদ্যুতের খুঁটি ও বাঁশের পাটাতনের ওপর দিয়ে নৌকায় ওঠা নামাই কঠিন হয়ে পড়ে। বিশেষ করেম মহিলারা বেশি সমস্যায় পড়েন। বাইক, সাইকেল নিয়ে পারাপার করা ঝুঁকির হয়ে পড়ে। এলাকার মানুষের অভিযোগ, সামনেই বিশপুরের হাজারি কালী পুজো উপলক্ষ্যে মেলা বসবে। সেখানে ৩ দিনে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। খেয়াঘাটের যা অবস্থা তাতে বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে , খেয়া ঘাটের কাজ শিগগির শুরু করা হবে। নতুন অর্থ বর্ষে ১১ নম্বর সান্ডেলের বিলে খেয়াঘাট মেরামতির জন্য অর্থ বরাদ্দ হয়েছে। খেয়াঘাটের কাজ শিগগির শুরু করা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!