Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জুন ২৫, ২০২২

যুক্তরাষ্ট্রে মহিলাদের গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল।

আরম্ভ ওয়েব ডেস্ক
যুক্তরাষ্ট্রে মহিলাদের গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল।

যুক্তরাষ্ট্রে ৫০ বছর আগে এক মামলায় যে রায়ে গর্ভপাতকে বৈধ করা হয়েছিল সুপ্রিম কোর্ট তা পাল্টে দেয়ার চিন্তা করছে – এমন এক নথি কয়েক সপ্তাহ আগে ফাঁস হওয়ার পর তা নিয়ে তীব্র বিতর্ক চলছিল। এরই মাঝে শুক্রবার শীর্ষ আদালত গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করে দিয়ে বলেছে ‘গর্ভপাতের অধিকার সংবিধানের আওতায় থাকতে পারেনা … এবং গর্ভপাত নিয়ন্ত্রণের অধিকার অবশ্যই মানুষের এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ন্যস্ত করা উচিৎ ।’

মিসিসিপি অঙ্গরাজ্যে গর্ভধারণের ১৫ সপ্তাহের পর গর্ভপাত নিষিদ্ধ করাকে চ্যালেঞ্জ করে আনা এক মামলার রায়ে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের পক্ষে রায় দিলে গর্ভপাতের সাংবিধানিক অধিকার কার্যত বাতিল হয়ে যায়। রায়ে বলা হয়,মার্কিন সুপ্রিম কোর্টে এখন রক্ষণশীল বিচারকরাই সংখ্যাগরিষ্ঠ । গর্ভপাতের সাংবিধানিক অধিকার বর্জিত করার পক্ষে মতামত দেন ছয়জন বিচারক, বিপক্ষে দেন তিনজন।

ধারণা করা হচ্ছে এই রায়ের পর অর্ধেকের বেশি অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ হবে অথবা এর ওপর নানারকম বিধিনিষেধ আরোপ করা হতে পারে। ইতোমধ্যেই ১৩টি অঙ্গরাজ্য এমন আইন পাশ করেছে যে সুপ্রিম কোর্টের রায়ের পর সাথে সাথেই গর্ভপাত নিষিদ্ধ হবে।
এক জরিপে বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে সন্তানধারণে সক্ষম তিন কোটি ৬০ লাখ নারী গর্ভপাতের সুবিধা থেকে বঞ্চিত হবে।

দক্ষিণ-পন্থী ও ধর্মীয় রক্ষণশীলদের জন্যে এই সিদ্ধান্ত অনেক বড় জয় । তাঁরা ১৯৭৩ সালে গর্ভপাতকে বৈধতা দেওয়ার পর থেকেই এর বিরুদ্ধে আন্দোলন করে আসছিল।মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটরা আদালতের এই রায়ের নিন্দা করেছেন। ভূতপূর্ব প্রেসিডেন্ট বারাক ওবামা একে মৌলিক স্বাধীনতার ওপর আক্রমণ বলে উল্লেখ করেছেন। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন নিষ্ঠুর এই সিদ্ধান্তের অর্থ হচ্ছে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে নারীর অধিকারের বিষয়টি নির্বাচনী ইস্যু হিসেবে বিবেচিত হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুগান্তকারী রো বনাম ওয়েড সিদ্ধান্ত বাতিল করে সুপ্রিম কোর্ট একটি ‘দুঃখজনক ত্রুটি” করেছে। টুইটে বাইডেন লেখেন, ‘বহু আমেরিকানদের জন্য একটি মৌলিক সাংবিধানিক অধিকার কেড়ে নিল আদালতের এই রায় । এটি একটি কট্টর আদর্শের উপলব্ধি এবং আমার দৃষ্টিতে সুপ্রিম কোর্টের একটি দুঃখজনক ত্রুটি। এই সিদ্ধান্ত দেশকে ১৫০ বছর পিছিয়ে দেবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রো বনাম ওয়েড সিদ্ধান্তকে বাতিল করার কয়েক ঘন্টা পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জো বাইডেন। গর্ভধারণের ১৫ সপ্তাহ পরে গর্ভপাত করতে চাওয়া মহিলাদের জন্য সাংবিধানিক সুরক্ষার অবসান ঘটিয়েছে এই সিদ্ধান্ত। এটি একটি চরম এবং বিপজ্জনক পথ। যদিও এই অন্দলনের কর্মীদেরকে ‘সব প্রতিবাদ শান্তিপূর্ণ রাখতে’ আহ্বান জানিয়েছিলেন তিনি। তিনি সতর্ক করে দেন যে গর্ভপাতের রায় গর্ভনিরোধ এবং সমকামী বিবাহের অধিকারকে ক্ষুন্ন করতে পারে।

মার্কিন সুপ্রিম কোর্ট, ৬-৩ রায়ে, রিপাবলিকানদের সমর্থন করা মিসিসিপি আইনকে মান্যতা দিয়েছে। এই আইন গর্ভধারণের ১৫ সপ্তাহের পরে গর্ভপাত নিষিদ্ধ করে। শুক্রবারের ফলাফল প্রায় অর্ধেক রাজ্যে গর্ভপাত নিষিদ্ধ করবে বলে মনে করা হচ্ছে।

১৯৭৩ সালের যুগান্তকারী রো বনাম ওয়েডের রায়টি গর্ভপাতের জন্য একজন মহিলার সাংবিধানিক অধিকারকে স্বীকৃতি দেয় এবং সম্পূর্ণ দেশে তাকে বৈধতা দেয়। রিপাবলিকান এবং ধর্মীয় রক্ষণশীলরা এই প্রক্রিয়াটিকে সীমিত অথবা নিষিদ্ধ করতে চেয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!