Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ২১, ২০২২

গান্ধি-স্মরণে বরিস! সবরমতি আশ্রমে চরকায় সুতো কাটলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দু'দিনের জন্য ভারতে এসেছেন বিট্রিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ।

আরম্ভ ওয়েব ডেস্ক
গান্ধি-স্মরণে বরিস! সবরমতি আশ্রমে চরকায় সুতো কাটলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চরকায় সুতো কাটা শিখছেন বরিস জনসন। সৌজন্যে-টুইটার।

দু’দিনের জন্য ভারতে এসেছেন বিট্রিশ প্রধানমন্ত্রী বরিস জনসন । থাকবেন ২১ এবং ২২ এপ্রিল। তাঁর এই দু’দিনের কর্মসূচির তালিকা অনেকটাই লম্বা। সফরের প্রথম দিন, অর্থাৎ আজ গুজরাটে প্রথম পা রাখেন বরিস। প্রথম দিনের সফরেই বিশেষ চমক দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সটান হাজির হলেন সবরমতি আশ্রমে। আশ্রম ঘুরে দেখলেন। তারপরই গান্ধিজিকে স্মরণ করে চরকায় সুতো কাটাও শিখলেন।সবরমতি আশ্রমের ভিজিটার্স বুকে বিশেষ বার্তা লিখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি লিখলেন, ‘এখানে এসে আমি মুগ্ধ। কী ভাবে একজন মানুষ এত সাদামাটা জীবনযাপন করতে পারেন এবং কী ভাবে তাঁর আদর্শ, সত্য ও অহিংসার পথ গোটা বিশ্বের মানসিকতা পরিবর্তনে সহায়ক হয়েছিল, তা এখানে না এলে বুঝতেই পারতাম না।’ এই বিশেষ বার্তা যে তিনি মহাত্মা গান্ধীর উদ্দেশ্যেই লিখেছেন, তা স্পষ্ট।

শুক্রবার দিল্লিতে পৌঁছবেন বরিস । সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফরে চোখ রয়েছে গোটা বিশ্বের। এদিন ভারতীয় নাগরিকদের আরও ভিসা দেওয়ার ইঙ্গিত দিলেন তিনি ।

প্রসঙ্গত, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোনও ইউরোপীয় রাষ্ট্রপ্রধান ভারতে এলেন। তাই ভারতের কাছেও বরিস জনসনের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, প্রথম থেকেই অধিকাংশ ইউরোপীয় দেশের মতো ব্রিটেনও যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন জানিয়ে এসেছে। এমনকী, ব্রিটিশ পার্লামেন্টে ভার্চুয়াল মাধ্যমে আবেগঘন বক্তৃতাও দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। তারপর গোটা বিশ্বকে কার্যত চমকে দিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছে গিয়েছেন বরিস। যার জন্য তাঁকে রুশ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!