- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২৭, ২০২৩
রাহুলকে নোটিশ।তুঘলক রোডের বাংলো ছাড়ার নির্দেশ লোকসভা আবাসন কমিটির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে কটাক্ষ করার জেরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হয়েছে। এরপরও নিস্তার মিলছে না রাহুলের। সুরাটের আদালত রাহুলের বিপক্ষে রায় দেওয়ার পরে এবার লোকসভার আবাসন কমিটি রাহুলকে নোটিশ ধরাল। সূত্রের খবর, ওই নোটিশে বলা হয়েছে, দিল্লিতে যে বাংলোটি রাহুলের জন্য বরাদ্দ, সেই বাংলো খালি করে দিতে হবে রাহুলকে। কেন্দ্রের তোপের মুখে পড়া রাহুলের বিরুদ্ধে কার্যত ফের নতুন করে কঠোর ব্যবস্থা নেওয়া হল।
দিল্লিতে রাহুলের ওই বাংলো ১২ নম্বর তুঘলক লেনে অবস্থিত। এখন দেখার লোকসভার আবাসন কমিটি রাহুলকে বাংলো ছাড়ার নোটিশ ধরানোর পরে পরিস্থিতি কোনদিকে গড়ায়। প্রসঙ্গত, ২০১৯ সালে কর্নাটকে এক নির্বাচনী সমাবেশে রাহুল মোদি পদবি নিয়ে কটাক্ষ করায় তাঁর বিরুদ্ধে দায়ের হয় ফৌজদারি মামলা। বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি ওই মামলা দায়ের করেছিলেন।
লোকসভার আবাসন কমিটি রাহুলকে বাংলো ছাড়ার জন্যে যে নোটিশ ধরিয়েছে, তাতে এও নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে রাহুলকে ওই বাংলো ছেড়ে দিতে হবে। ওয়াকিবহাল মহলের মতে, ওই নোটিশকে মান্যতা দিয়ে রাহুল গান্ধি যদি বাংলো না ছাড়েন, সেক্ষেত্রে তাঁকে উচ্ছেদ করার সম্ভাবনাও প্রবল।
রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়ার পর থেকে দেশজুড়ে প্রতিবাদে সামিল অসংখ্য কংগ্রেস কর্মী-সমর্থক। কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে হুমকি দিয়ে বলা হয়েছে, কংগ্রেস আইনি পথে এবং রাজনৈতিকভাবে এবিষয়ের মোকাবিলা করবে।
সূত্রের খবর, তুঘলক লেনের ওই বাংলো নিজের অধিকারে আরও কিছুদিন রাখতে হলে রাহুলকে আবেদন করতে হবে লোকসভা হাউজিং কমিটির কাছে। ওই আবেদন গ্রাহ্য হলেই রাহুল বাংলোটি আরও কিছুদিন নিজের হেফাজতে রাখতে পারবেন, অন্যথায় নয়।
❤ Support Us






