- দে । শ
- মার্চ ৩, ২০২৩
আড়িপাতা হয়েছে ফোনে, কেব্রিজে পেগাসাস নিয়ে সরব রাহুল। মিথ্যাবলা রাহুলের অভ্যাস,পাল্টা অনুরাগ
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাহুল বলেছেন, তাঁর ফোনেও ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে আড়িপাতা হয়েছে।
বক্তব্য পেশ করতে গিয়ে স্বপক্ষ সমর্থনে রাহুল এও বলেন, গোয়েন্দা বিভাগের অফিসাররা তাঁকে আগেভাগেই সতর্ক করে বলেছিলেন, তাঁর ফোনে পেগাসাসে স্পাইওয়্যার ব্যবহার করে আড়িপাতা হতে পারে। কল রেকর্ড করা হতে পারে। প্রসঙ্গত, রাহুল কে্মব্রিজ বিজনেস স্কুলে যে বক্তব্য পেশ করেছেন ইতিমধ্যে তা শেয়ার করেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপদেষ্টা শ্যাম পিট্রডা।
রাহুল বলেন, ভারতের অনেক বিরোধী রাজনীতিকের ফোনেই পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে আড়িপাতা হয়েছে। শাসকদল তথা কেন্দ্রীয় সরকার বিরোধীদের ওপর চাপ ক্রমাগতভাবে বাড়িয়ে চলেছে। চাপ বাড়াতে তাঁর বিরুদ্ধেও ফৌজদারি মামলা দায়ের হয়েছে বলে অভিযোগ রাহুলের।
২০২২ সালের সেপ্টেম্বরে পেগাসাস স্পাইওয়্যার ইস্যুতে হস্তক্ষেপ করে দেশের শীর্ষ আদালত। এরপর শীর্ষ আদালত একটি কমিটি গঠন করে সেই কমিটিকে দায়িত্ব দেয় পেগাসাস সম্পর্কিত যে অভিযোগগুলি উঠছে, তা খতিয়ে দেখার। ওই কমিটি যে রিপোর্ট পেশ করে জানায়, ২৯টি ফোন পরীক্ষা করে তাঁরা দেখেছেন, ওই ফোনগুলিতে স্পাইওয়্যার ছিল না। তবে পাঁচটি ফোনে পাওয়া গিয়েছে ম্যালওয়্যার।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উদ্দেশে ভারতে গণতন্ত্র কীভাবে বিপন্ন সেসম্পর্কে উদাহরণ তুলে ধরলেন রাহুল। তিনি বলেন, যেমন, বিরোধী দলের নে্তারা কয়েকটি ইস্যুতে সহমত হয়ে সংসদ ভবনের সামনে জড়ো হয়েছিলেন। অহেতুক তাঁদের জেলে পোরা হয়েছে।
ভারত সরকার দেশের সংবিধানও মানছে না বলে রাহুলের অভিযোগ। রাহুল আরও অভিযোগ করেছেন, ভারতে মোদি জমানায় সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের ওপর ধারাবাহিকভাবে অন্যায় আক্রমণ চলছে। সংবাদমাধ্যমও আক্রান্ত।
রাহুলের কেমব্রিজ বক্তব্যের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের পাল্টা বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পরিচালিত ভারত সারা বিশ্বের প্রশংসা অর্জন করেছে। ভারতের সম্মান বেড়ে চলেছে। আর আবারও রাহুল বিদেশে্র মাটিতে দাঁড়িয়ে দেশের অবমাননা করলেন।
❤ Support Us






