- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১৯, ২০২৫
প্রলয়ঙ্কর বৃষ্টিতে রাজস্থানে দুর্যোগ অব্যাহত, নিহত ২৩, নিখোঁজ বহু। ৬ জেলায় জারি ‘কমলা সতর্কতা’
প্রবল বর্ষণে বিপর্যস্ত রাজস্থান। শুক্রবার রাত থেকে টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলা জলের তলায়। কোথাও বাড়ির ভিতর ঢুকে পড়েছে বৃষ্টি-জল, কোথাও রাস্তার দাঁড়িয়ে থাকা গাড়ি প্লাবনের তোড়ে গড়িয়ে পড়েছে বহু দূর। প্রশাসনের হিসেব বলছে, গত ৪ দিনে প্রকৃতির রুদ্র রূপের সামনে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ২৩ জনের।
বঙ্গোপসাগর থেকে উঠে আসা শক্তিশালী ঘুর্ণাবর্তের জেরেই মরুরাজ্যে চলছে দুর্যোগ। শুক্রবার সকাল হতে না হতেই মেঘে ঢেকে যায় রাজস্থানের আকাশ। দুপুরের পর নামে প্রবল বৃষ্টি। টানা বর্ষণ অব্যাহত ছিল শনিবার সকাল পর্যন্ত। এর জেরে রাজ্যের অন্তত ৮ জেলা জলমগ্ন, রাস্তাঘাট জলের তোড়ে খরকুটোর মতো ভেসে গেছে। আজমের শরিফের খাজা গরিব নবাজ দরগার চত্বর এখন নদী। শুক্রবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও, ছবি ঘুরছে, সেখানে দেখা যাচ্ছে, দরগার চারপাশে কোমরসমান জল, ঠেলাগাড়ি বয়ে নিয়ে যাচ্ছে প্রবল স্রোত, মানুষের চিৎকার। একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি বানের জলে ভেসে যাচ্ছেন সরু গলিপথ দিয়ে।
রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রবল দুর্যোগে প্রাণ হারিয়েছেন ২৩ জন। রাজসমন্দ জেলায় একটি পুকুর বানভাসি হয়ে পড়ায় জলেস্রোতে তলিয়ে যান ৭জন, তাঁদের মধ্যে ৩জন স্কুল পড়ুয়াও ছিল। যোধপুরের অরনা-ঝর্ণা এলাকায় জলে ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের। সিকারে মারা গিয়েছেন ১৩ বছরের এক কিশোর। পালি জেলায় শুক্রবার রাতভর বৃষ্টি হয়েছে। টোঙ্কে নদী ও খালের জল বিপদসীমার উপরে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খুলে দেওয়া হয়েছে কোটা ব্যারাজের ৩টি গেট। একাধিক শহরের নিচু এলাকাগুলিতে জমে গিয়েছে হাঁটু সমান জল। যান চলাচল ব্যাহত। জলমগ্ন রাস্তায় বন্ধ হয়ে গিয়েছে বাস-অটোর চলাচল।
রাজস্থানের ৬টি জেলায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। যোধপুর, পালি, নাগৌর, আজমের, সিরোহি ও জালোরে আগামী কয়েক ঘণ্টায় হতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি, আরো ৮টি জেলায় জারি রয়েছে ‘হলুদ সতর্কতা’। পরিস্থিতির গুরুত্ব বুঝে শনিবার মরুরাজ্যের কোটা, বরণ, ঝালাওয়ার, রাজসমন্দ, আজমের ও বুন্দির সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। জয়পুর আবহাওয়া কেন্দ্রের মতে, আপাতত পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই। যোধপুর সংলগ্ন জেলাগুলিতে শনিবারেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে রাজ্য প্রশাসন। জেলা প্রশাসনগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কাজ ছাড়া, কাউকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
❤ Support Us






