Advertisement
  • দে । শ
  • মার্চ ৯, ২০২৩

প্রধানমন্ত্রীকে লেখা বিরোধীদের চিঠির জবাব দিতে আসরে নামছে বিজেপি, ৯ রাজ্যে সাংবাদিক সম্মেলন করে দেওয়া হবে প্রত্যুত্তর

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রধানমন্ত্রীকে লেখা বিরোধীদের চিঠির জবাব দিতে আসরে নামছে বিজেপি, ৯ রাজ্যে সাংবাদিক সম্মেলন করে দেওয়া হবে প্রত্যুত্তর

দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির নেতাদের একাংশ জোটবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে সরাসরি অভিযোগ করেছিলেন, বিরোধীদের জব্দ করতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে অপব্যবহার করা হচ্ছে। এই চিঠির জবাব দিতে পাল্টা কোমরবেঁধে আসরে নেমেছে বিজেপি। বিজেপি সূত্রের খবর, সারা দেশের ৯ রাজ্যে সাংবাদিক সম্মেলন করে বিরোধীদের প্রত্যুত্তর দেবে সংশ্লিষ্ট রাজ্যগুলির বিজেপি নেতৃত্ব। এর জেরে আগামী কিছুদিনের মধ্যে কেন্দ্রের শাসকদলের সঙ্গে বিরোধীদের সম্পর্কের আরও অবনতি হতে চলেছে, সেকথা বলার অপেক্ষা রাখে না।

রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে একযোগে মোদিকে যে চিঠিটি পাঠানো হয়েছে, তাতে সই রয়েছে কে চন্দ্রশেখর রাও, ভগবন্ত মান থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল-সহ বিভিন্ন অবিজেপি রাজনৈতিক দলের নেতারা। চিঠিতে সই করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে চিঠিতে সই নেই কংগ্রেসের।

মোদির উদ্দেশে লেখা ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে, মোদি সরকার কেন্দ্রে ক্ষমতাসীন হওয়ার পর থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধী নেতাদের বিরুদ্ধে কখনও মামলা দায়ের হচ্ছে, আবার কখনও বিরোধীদের বাড়িতে হানা দিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এমনকি বিরোধীদের গ্রেফতারও করা হচ্ছে। এধরনের ঘটনা ২০১৪ সালের পর থেকে উত্তরোত্তরভাবে বেড়েছে।

মোদিকে লেখা সেই চিঠির সমুচিত জবাব দিতে বিজেপি রাজ্যে রাজ্যে সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়ায় সহজ হিসেবেই ধরে নেওয়া যায়, বিজেপি তথা কেন্দ্রীয় সরকার এবং বিরোধীদের সম্পর্কের তিক্ততা বাড়বে। প্রসঙ্গত, ওই চিঠিতে আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতিতে অভিযুক্ত দিল্লি প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারের প্রসঙ্গ তোলা হয়েছে। তাছাড়া অভিযোগ করা হয়েছে, বিরোধী নেতা লালুপ্রসাদ যাদব, সঞ্জয় রাউত থেকে শুরু করে সমাজবাদী পার্টির নেতা আজম খান, এনসিপি নেতা নবাব মালিক কিংবা অনিল দেশমুথের বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে অনভিপ্রেতভাবে ব্যবহার করা হয়েছে।

মোদিকে লেখা চিঠিতে বিরোধীদের এও অভিযোগ, চাপের মুখে পড়ে বিরোধী নেতারা বিজেপিতে যোগ দিলেই সেক্ষেত্রে অতি মন্থর গতিতে তদন্ত চালানো হচ্ছে।

বিজেপি সূত্রের খবর, এই চিঠির জবাবে যে রাজ্যগুলিতে সাংবাদিক সম্মেলন করা হবে, এর ভিতর আছে রয়েছে পশ্চিমবঙ্গও। এছাড়া আছে দিল্লি, পঞ্জাব, জম্মুকাশ্মীর, মহারাষ্ট্র, কেরলের মতো রাজ্যগুলি। ওই সাংবাদিক সম্মেলনগুলিতে আত্মপক্ষ সমর্থন করে বিরোধীদের তোলা অভিযোগের জবাব দেবে রাজ্য বিজেপির নেতৃত্ব।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, এধরনের সাংবাদিক সম্মেলনের সূচনা হচ্ছে দিল্লি থেকে। বাংলায় সাংবাদিক সম্মেলন হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। তবে দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!