- দে । শ
- মার্চ ২২, ২০২২
নতুন করে বুস্টার টিকার ভাবনা, বিশ্বের নানা প্রান্তে করোনা ছড়ানোয় নড়েচড়ে বসল কেন্দ্র
কেন্দ্রীয় স্বাস্থ্য যুগ্মসচিব লব আগরওয়াল আজ সতর্ক করে দিয়ে বলেছেন, ‘দেশে সংক্রমিতের সংখ্যা কমতে থাকলেও মনে রাখতে হবে ওমিক্রন প্রজাতি এখনও ভারতে সক্রিয় রয়েছে।’
ভারতসহ বিশ্বের নানা প্রান্তে সংক্রমণের সূচক নীচে নামার ইঙ্গিত পাওয়ায় মনে হচ্ছিল এবার তাহলে করোনা পাকাপাকি ভাবে বিদায় নিল। কিন্তু গত কয়েক দিন ধরে বিভিন্ন দেশে বিশেষ করে চিন, দক্ষিণ কোরিয়া, হংকং, ফ্রান্স, ব্রিটেনে নতুন করে সংক্রমণের বাড়াবাড়ি দেখে আবার চিন্তিত ভারত সরকার।
সূত্রের মতে, যাঁরা ইতিমধ্যেই করোনার দু’টি টিকা নিয়েছেন তাঁদের সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে তৃতীয় টিকা নেওয়ার প্রয়োজন রয়েছে কিনা, তা নিয়ে আলোচনায় বসেছেন স্বাস্থ্য আধিকারিকেরা। তবে এ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছে কেন্দ্র।
গত ডিসেম্বরে বিশ্বের নানা দেশের মতোই ভারতেও করোনাভাইরাসের ওমিক্রন প্রজাতির মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করেছিল। সে সময়ে স্বাস্থ্যকর্মী ও প্রথমসারীর করোনা যোদ্ধাদের জন্য করোনার বুস্টার ডোজ চালু করেছিল নরেন্দ্র মোদি সরকার। পরবর্তী ধাপে ষাটোর্ধ্ব অসুস্থ ব্যক্তি, যাঁরা ক্রনিক রোগের শিকার তাঁদের টিকাকরণ শুরু হয়। বর্তমানে নিরোগ কিন্তু ষাটোর্ধ্বদের টিকাকরণ চালু রয়েছে। মাঝে ৬০ বছরের নীচে থাকা ব্যক্তিদের সতর্কতামূলক ডোজ দেওয়ার প্রস্তাব উঠলেও, দেশে করোনার প্রকোপ কমে আসায় বড়দের চেয়ে ছোটদের টিকাকরণে মনোযোগ দেয় কেন্দ্র।যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য যুগ্মসচিব লব আগরওয়াল আজ সতর্ক করে দিয়ে বলেছেন, ‘দেশে সংক্রমিতের সংখ্যা কমতে থাকলেও মনে রাখতে হবে ওমিক্রন প্রজাতি এখনও ভারতে সক্রিয় রয়েছে।’
যে গতিতে সংক্রমণ ছড়াচ্ছে বিশ্বের বহু দেশেতাতে আগামী দিনে ভারতেও এর প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, নতুন প্রজাতিটি সংক্রমণের প্রশ্নে ওমিক্রনের থেকেও শক্তিশালী ।
❤ Support Us






