Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৯, ২০২৬

যাদবপুরে ‘গেরুয়া সম্মান যাত্রা’ ! মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী, বিকেলে বন্ধ বিশ্ববিদ্যালয়ের চার গেট

আরম্ভ ওয়েব ডেস্ক
যাদবপুরে ‘গেরুয়া সম্মান যাত্রা’ ! মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী, বিকেলে বন্ধ বিশ্ববিদ্যালয়ের চার গেট

রাখি পূর্ণিমায় যাদবপুরে ‘দশ হাজার কণ্ঠে বন্দে মাতরম’-এর আয়োজনের পর আজ, বুধবার ফের রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সরগরম যাদবপুর। এদিন ‘গেরুয়া সম্মান যাত্রা’য় পা মেলাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর ৩টেয় গোলপার্ক থেকে শুরু হবে মিছিল। গন্তব্য যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড। পুলিশ সূত্রে খবর, মিছিলকে কেন্দ্র করে সাময়িকভাবে বন্ধ রাখা হবে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড। ফলে ওই এলাকায় যান চলাচলেও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, বিকেল ৪টে থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চারটি মূল গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই সময় থেকে ক্যাম্পাসে ঢোকা ও বেরোনোর জন্য শুধুমাত্র ১ নম্বর গেট ব্যবহার করা যাবে। তবে চারটি মূল গেট বন্ধ রাখার নির্দিষ্ট কোনো কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে, এ সিদ্ধান্তের সঙ্গে গত মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত পরিস্থিতির যোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে।

গত মাসে জিবি মিটিংকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে বাম ছাত্র সংগঠন ও এবিভিপির মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ক্যাম্পাসে আগুন জ্বলার ঘটনাও ঘটে। পরবর্তীকালে ওই ঘটনার প্রতিবাদে বাম ছাত্র সংগঠন এবং এবিভিপি— দুই পক্ষই পৃথকভাবে পথে নামে। প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করেও অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর বিশ্ববিদ্যালয়ের বাইরে বিজেপির তরফে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সে সভায় বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ফলে, যাদবপুরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার আবহের মধ্যেই আজ ফের ‘গেরুয়া সম্মান যাত্রা’র আয়োজন ঘিরে তৈরি হয়েছে বাড়তি নজরদারি ও সতর্কতা। সাধারণ নাগরিকদের সঙ্গে নিয়ে গোলপার্ক থেকে শুরু হওয়া এই মিছিল ৮বি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের চারটি মূল গেট বন্ধ রাখার সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের অশান্তির আশঙ্কা এড়াতেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!