Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৪, ২০২৫

স্যালাইনকাণ্ডের প্রতিবাদে মিছিল, মীনাক্ষী মুখার্জী সহ ১৬ জন ছাত্রযুব নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

আরম্ভ ওয়েব ডেস্ক
স্যালাইনকাণ্ডের প্রতিবাদে মিছিল, মীনাক্ষী মুখার্জী সহ ১৬ জন ছাত্রযুব নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

মীনাক্ষী মুখার্জি সহ ১৬ জন ছাত্রযুব নেতার বিরুদ্ধে অবৈধ জমায়েত, পুলিশের উপর হামলা ও সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ।

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার উত্তাপ এখনো কমেনি। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের কালো তালিকাভুক্ত রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহারের ফলে প্রসূতি মৃত্যু ও প্রসূতি সঙ্কটাপন্ন হওয়ার অভিযোগ উঠেছেছিল মেদিনীপুর মেডিক্যালে। এই ঘটনায় দফায় দফায় প্রতিবাদী কর্মসূচি করেছে বিরোধী দলগুলি। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে রাজ্য স্বাস্থ্য দফতর চিকিৎসার গাফিলতির অভিযোগে হাসপাতালের সুপার সহ ডাক্তার ও চিকিৎসাকর্মীদের বরখাস্ত করেছে। একদিকে ডাক্তদের সাসপেন্সন নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন চিকিৎসকদের একাংশ। অন্যদিকে আজ স্যালাইনকাণ্ডের প্রতিবাদ মিছিলে ধস্তাধস্তির ঘটনায় ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ১৬ জনের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার তদন্ত চেয়ে শুক্রবার মেদনিপুর জেলাশাসকের অফিস ঘেরাওয়ের কর্মসূচি ছিল বামপন্থী ছাত্র যুব ও মহিলা সংগঠনের। মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম নেতা, চিকিৎসক ফুয়াদ হালিম। মিছিল থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘আমাদের এই আন্দোলন তো সাসপেনশন রাখা বা তোলার জন্য নয়। আমরা জানতে চাই, জাল স্যালাইনের বরাত কে দিয়েছিল, কাকে দিয়েছিল, কে সরবরাহ করল, কাদেরকে জামাইয়ের মতো করে রেখেছে স্বাস্থ্য দফতর। এটা জানাতেই হবে।’ জাল স্যালাইন কাণ্ড ঢাকা দিতেই চিকিৎসকদের উপর কোপ বলে অভিযোগ যুবনেত্রীর।
বামেদের মিছিল পঞ্চুর চক থেকে রিং রোড হয়ে জেলাশাসক অফিসে পৌঁছলে পুলিশ তা আটকে দেয়। ধস্তাধস্তি শুরু হয়। তারপরই পুলিশ জামিন অযোগ্য সহ বেশ কতকগুলি ধারায় অভিযোগ দায়ের করেছে। সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, বেআইনিভাবে জমায়েত করা, সরকারি কর্মীকে গুরুতরভাবে আঘাত করার মতো বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মামলা প্রসঙ্গে মীনাক্ষী বলেছেন, “এভাবে মামলা করে বিক্ষোভ আটকানো যাবে না। এরপর ৫ লক্ষ লোক রাস্তায় নামবে।” তিনি আরো বলেছেন, “যখনই দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়েছি, তখনই পুলিশ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আমাদের বিরুদ্দে ষড়যন্ত্র করছে। পুলিশ লাঠি হাতে দাঁড়িয়েছিল। আন্দোলনকারীরা বসেছিল। ওখানে হামলা করলে অনভিপ্রেত ঘটনা ঘটে যেত।”

এর আগেও গত ১২ জানুয়ারী মেদিনীপুরে আন্দোলনের ডাক দিয়েছিল এসএফাই-ডিওয়াইএফআই। হাসপাতালের সুপারের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করেছিলেন তাঁরা। মীনাক্ষী মুখার্জীর নেতৃত্বে বটতলা চকে পথ অবরোধ হয়। মেদিনীপুর কোতোয়ালি থানায় সুপারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বাম ছাত্রযুব সংগঠনের নেতারা। সেখানেও পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়েছিলেন যুবনেত্রী।

অন্যদিকে, মেদিনীপুর স্যালাইন কাণ্ডের প্রতিবাদে শুক্রবার কলেজ স্কোয়ার থেকে মহম্মদ আলি পার্ক পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী। বিজেপির মিছিলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যসচিবের গ্রেফতারির দাবি তোলা হয়েছে। এছাড়াও মিছিল থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, কজনের শরীরে বিতর্কিত আরএল স্যালাইন দেওয়া হয়েছে তার তালিকা দিতে হবে। নিষিদ্ধ স্যালাইনের ঘটনায় মৃতার পরিবারকে ৫০ লক্ষ ও অসুস্থদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। শুভেন্দুর বক্তব্য, মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে চিকিৎসকদের, রাজ্য সরকার নিজেদের গাফিলতি ঢাকার চেষ্টা করছে। মিছিল শেষে এক প্রসূতির পরিবারকে নিয়ে রাজভবনে ডেপুটেশন জমা দিতে যান তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!